নয়াদিল্লি: বছর ঘুরলেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। বিজেপি হাতে থাকা দেবভূমি দখলে মরিয়া হাত শিবির। সেই লক্ষ্যে প্রার্থী তালিকাতেও চমক দিতে চলেছে শতাব্দী প্রাচীন দল। সূত্রের খবর, আসন্ন ভোটে প্রার্থী করা হতে পারে ঋষিকেশের রিসর্টে খুন হওয়া ১৯ বছরের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির মা’কে। এব্যাপারে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। উত্তরাখণ্ডে প্রার্থী তালিকা তৈরি করতে মঙ্গলবার স্ক্রিনিং কমিটি তৈরি করেছে এআইসিসি। প্রদেশ কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, দলের বিভিন্ন স্তর থেকে অঙ্কিতার মা সোনি দেবীকে প্রার্থী করার প্রস্তাব আসছে। নেতৃত্ব ভাবনাচিন্তা করছে। সোনি দেবীর সঙ্গেও আলোচনা করতে হবে।
ওই তরুণীর হত্যা মামলার তদন্ত অত্যন্ত ধীর গতিতে চলছে বলে অভিযোগ। তাতে শুধু তাঁর পরিবারই নয়, রাজ্যের মানুষও বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ বলে দাবি বিরোধীদের। রাজনৈতিক মহলের মতে, এই ক্ষোভকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা করছে কংগ্রেস নেতৃত্ব। যদিও তাঁদের যুক্তি, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।
২০২২ সালে সেপ্টেম্বর মাসে খুন হন রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা। তাঁর দেহ খালে ফেলে দেওয়া হয়েছিল। সেই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। খুনের ঘটনায় নাম জড়িয়েছিল একাধিক ভিআইপির। তালিকায় ছিল বিজেপি নেতার নামও। এরমধ্যে হত্যাকাণ্ড নাম জড়ানো দুষ্যন্ত গৌতমকে রাজ্যপাল পদে নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন অঙ্কিতার বাবা-মা। রাষ্ট্রপতিকে চিঠিও লেখেন তাঁরা। অঙ্কিতার পরিবারের অভিযোগ, মাঝে চার বছর কাটলেও এখনও বিচার মেলেনি। সিবিআই তদন্ত শুরু করেছে। এরমধ্যে দুষ্যন্তকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এই নিয়ে ইন্ডিয়া গেট, রাজঘাটেও ধরনা দিয়েছিলেন নিহত তরুণীর বাবা-মা। সেখানে ছুটে গিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। তারপর থেকেই সম্ভাব্য প্রার্থী হিসাবে অঙ্কিতার মা সোনি দেবীর নাম জল্পনা শুরু ছড়িয়েছে।



