নয়াদিল্লি: মুম্বই ছেড়ে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে চান যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এনওসি’ও চেয়েছেন তারকা ব্যাটার। যশস্বী জানিয়েছেন, গোয়া তাঁকে নেতৃত্বের প্রস্তাব দিয়েছে। তবে দল বদলের কারণ হিসেবে উঠে আসছে অন্য তথ্যও। শোনা যাচ্ছে, মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে বিবাদের জেরেই এমন সিদ্ধান্ত যশস্বীর। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজির একটি ম্যাচের পর রাহানে ও কোচ সালভি প্রশ্ন তুলেছিলেন তরুণ ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে। তাতে রেগে গিয়ে রাহানের কিটব্যাগে লাথি মেরেছিলেন যশস্বী। উল্লেখ্য, বিবাদের শুরু হয়েছিল অবশ্য ২০২২ সালে। দলীপ ট্রফির এক ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে স্লেজিং করা নিয়ে জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দেন রাহানে। তারপর থেকেই নাকি দু’জনের সম্পর্ক তলানিতে।



