ছুটির দিনে আলসে ঘুম থেকে উঠে মুখরোচক খাবার দিয়ে দিন শুরু করতে কার না ভালো লাগে। ঘিয়ে ভাজা লুচি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট। দুপুরে ভুরিভোজের পর বিকেলে টম্যাটো সস্ সহযোগে কাটলেট বা শিঙাড়া। লুচি, পরোটা বা চপের মতো সুস্বাদু খাবারের আকর্ষণ এড়িয়ে থাকা খুবই কঠিন। স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য ব্রেডের সঙ্গে জ্যাম বা জেলি এদেশে এখন বেশ চলনসই। আবার ঠান্ডা পড়তেই রাতে ঘুমের আগে চ্যবনপ্রাশ। তবে শুনলে অবাক লাগতে পারে, বিশ্বের নানা দেশে এইসব খাবার নিষিদ্ধ। এই তালিকায় শিঙাড়া ছাড়াও রয়েছে একাধিক খাবার। আমাদের দেশে ঘি নিত্য ব্যবহার্য। কিন্তু এমন খাবারের গায়েও ঢ্যারা চিহ্ন পড়েছে মার্কিন মুলুকে! ভারতে পুজো-পার্বণের ভোগ হোক বা পুষ্টিকর খাবার। ঘিয়ের ব্যবহার স্বাভাবিক। তবে আমেরিকার খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থার দাবি, ঘি অস্বাস্থ্যকর। এতে রক্তচাপ বৃদ্ধি,হৃদরোগ ও স্থুলত্বের আশঙ্কা রয়েছে।



