Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

চার মাস বিদ্যুৎহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খুদেদের ভরসা হাতপাখা

ভোট মিটেছে মাস চারেক আগে। কিন্তু তারপর থেকেই বিদ্যুৎহীন বালির ভদ্রকালীতলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র

চার মাস বিদ্যুৎহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, খুদেদের ভরসা হাতপাখা
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোট মিটেছে মাস চারেক আগে। কিন্তু তারপর থেকেই বিদ্যুৎহীন বালির ভদ্রকালীতলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তীব্র গরমের মধ্যেই সেখানে পড়াশোনা করতে হচ্ছে একরত্তিদের। বিদ্যুতের অভাবে পাখা বন্ধ। ফলে খুদেদের এখন হাতপাখাই ভরসা। এরমধ্যে এই কেন্দ্রের পাশেই জমা জলের কারণে মশার উপদ্রব বেড়েছে। সব মিলিয়ে কার্যত নাজেহাল অবস্থা বালি গজেন্দ্র বালিকা বিদ্যালয়ের ভিতরে থাকা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের পর শর্ট সার্কিটের জেরে কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ ফেরানোর জন্য যোগাযোগ করা হলে সিইএসসির তরফে জানানো হয়, সম্পূর্ণ ওয়্যারিং না হওয়া পর্যন্ত নতুন করে লাইন দেওয়া সম্ভব নয়। সেই ওয়্যারিংয়ের কাজ এখনও না হওয়ায় চার মাস ধরে অন্ধকারে কেন্দ্রটি। অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এই কেন্দ্রের উপর প্রায় ২০ জন শিশু এবং ছ’জন গর্ভবতী মা নির্ভরশীল। রয়েছেন দু’জন কর্মী। বিদ্যুৎ না থাকায় গরমে শিশুদের নিয়ে কার্যত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।
সহকারী কৃষ্ণা মান্নার কথায়, ‘গরমে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কবে বিদ্যুৎ সংযোগ ফিরবে, জানি না।’ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা গেল, একদিকে গরমে হাঁসফাঁস করছে খুদেরা, অন্যদিকে জমা জলে মশার দাপট। সেই পরিস্থিতিতেই শিশুদের হাতপাখা দিয়ে বাতাস করছেন কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, যে স্কুলে ভোটকেন্দ্র হয়েছিল, সেখানে ভোটের পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোগত সমস্যার সমাধান হয়নি। তাঁদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের উচিত, দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করা। শিশুদের স্বার্থে দ্রুত ওয়্যারিংয়ের কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ