Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্ডারপাসের দাবি জানিয়ে বিষ্ণুপুরে রেলের বিরুদ্ধে জোরালো আন্দোলন

আন্ডারপাসের দাবি জানিয়ে বিষ্ণুপুরে রেলের বিরুদ্ধে জোরালো আন্দোলন
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বারবার দাবি সত্ত্বেও আন্ডারপাস তৈরি না হওয়ায় রেলের বিরুদ্ধে এবার জোরালো আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিষ্ণুপুরের প্রতিবাদী নাগরিক মঞ্চ। তাদের দাবি, বিষ্ণুপুরে আন্ডারপাস তৈরি না করেই রেলের লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। 
Advertisement
তারপর প্রায় এক বছর কাটতে চলল। কিন্তু, আজ পর্যন্ত আন্ডারপাস তৈরির কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এনিয়ে প্রতিবাদী নাগরিক মঞ্চের তরফে রেলকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, সেই চিঠির উত্তরে ওভারব্রিজের সিঁড়ি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রেলের ওই উদাসীনতার কারণে ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে বাধ্য হচ্ছে। তার প্রতিবাদে নাগরিক মঞ্চের সদস্যরা জোরালো আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আজ, মঙ্গলবার রেল ফটক সংলগ্ন এলাকায় জমায়েত করে তাঁরা রেলের বিরুদ্ধে সুর চড়াবেন। 
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, আন্ডারপাসের বিষয়টি সম্পূর্ণ রেলের বিষয়। কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। তারা সাধারণ মানুষের কথা ভাবে না। ওই দলের সাংসদই বা কী করছেন?
এব্যাপারে বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ এর দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছেন। তিনি বলেন, আন্ডারপাসের জন্য রাজ্য প্রশাসনের তরফে রেলকে চিঠি লিখতে হবে। কিন্তু, তারা তা দিচ্ছে না। সেই জন্যই আন্ডারপাসের অনুমোদন আটকে রয়েছে।   
বিষ্ণুপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের তরফে মুনমুন চক্রবর্তী দাস বলেন, আন্ডারপাস তৈরি না করেই লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। রেলের পশ্চিমদিকের অন্তত আট থেকে ১০টি গ্রামের মানুষের বিষ্ণুপুর শহরে যাতায়াতের সমস্যা হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে সাইকেল নিয়ে রেললাইন পারাপার করছে, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা রেলকে চিঠি দিয়েছিলাম। কিন্তু, তার উত্তরে রেল ওভারব্রিজের সিঁড়ি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিন্তু, এত উঁচু সিঁড়িতে ছাত্রছাত্রীরা কীভাবে সাইকেল নিয়ে যাবে? তাই আমরা আজ মঙ্গলবার রেলসংলগ্ন এলাকায় প্রতিবাদ আন্দোলন করব। আমাদের সঙ্গে বহু গ্রামবাসী যোগ দেবে। 
স্থানীয় কুসুমবনি গ্রামের বাসিন্দা তন্ময় লোহার বলেন, আন্ডারপাসের জন্য এক বছর আগে থেকে দাবি জানানো হয়েছে। কিন্তু, রেল কোনও গুরুত্ব দিচ্ছে না। সেই জন্য আমরা আজ, মঙ্গলবার আবারও আন্দোলনে নামছি।
সম্পর্কিত সংবাদ