সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকের সামসিতে রবিবার সামসি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। অ্যাসোসিয়েশনের সম্পাদক মতিউর রহমান জানান, সামসি রেলগেটে যানজট নিরসনে আন্ডারপাস তৈরি ও উড়ালপুল নির্মাণের দাবি এদিনের সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। অ্যাসোসিয়েশনের সদস্য আশু শর্মা বলেন, সামসি রেলগেটের যানজটে এলাকার সাধারণ মানুষ, নিত্যযাত্রী, পড়ুয়া থেকে ব্যবসায়ী সব শ্রেণির মানুষকে ভুগতে হচ্ছে। এই সমস্যা সমাধানে এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতিউর রহমান বলেন, আগামী ২৪ নভেম্বর সামসি স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হবে। এক মাসের মধ্যে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করতে হবে। এই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।



