সংবাদদাতা, মেদিনীপুর: আন্দোলনের চাপে পিছু হটল খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। আইআইটির বি সি রায় টেকনিক্যাল হাসপাতালের পরিকাঠামো ও কর্মীদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপারস্পেশালিটি হাসপাতালে যুক্ত করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। সোমবার হাসপাতাল পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়েছে, ২০ ডিসেম্বর বোর্ড অব গভর্নরস-এর বৈঠকে এবিষয়ে আলোচনা হবে। আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গেও আলোচনা হবে।সূত্রের খবর, সোমবারের বৈঠকের সিদ্ধান্তের প্রতিলিপি বিজ্ঞপ্তি আকারে টিচার্স অ্যাসোসিয়েশন, পেনশনার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন সহ একাধিক সংগঠনের কাছে পাঠানো হয়েছে। তাদের ১৫দিনের মধ্যে এব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে। তবে আইআইটি কর্তৃপক্ষ এবিষয়ে কোনও বিবৃতি দেয়নি।বি সি রায় টেকনিক্যাল হাসপাতালের পরিকাঠামো ও কর্মীদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপারস্পেশালিটি হাসপাতালের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল আইআইটি কর্তৃপক্ষ। তবে বি সি রায় হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা হাসপাতাল হিসেবে কাজ করবে বলেও তারা জানিয়েছিল। এই সিদ্ধন্তের কথা প্রকাশ্যে আসতেই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, বি সি রায় টেকনিক্যাল হাসপাতাল থাকুক। শ্যামাপ্রসাদ সুপারস্পেশালিটি হাসপাতালও হোক। অবশেষে পরিচালন সমিতির বৈঠকে ওই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। পেনশনার্স অ্যাসোসিয়েশনের তরফে পুরসভার কাউন্সিলার দেবাশিস সেনগুপ্ত বলেন, এরকম একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি। তবে আমাদের আন্দোলন যেমন চলছে, তেমনই চলবে। মঙ্গলবারও আইআইটির সামনে বিক্ষোভ কর্মসূচি হয়।



