Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্দোলন প্রত্যাহার করে নিলেন অশিক্ষক কর্মীরা

আন্দোলন প্রত্যাহার করে নিলেন অশিক্ষক কর্মীরা
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আসন্ন পরীক্ষা পর্বের প্রস্তুতি, ফলাফল প্রকাশ করা, স্কলারশিপ প্রদান সহ একাধিক কারণে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলা আন্দোলন প্রত্যাহার করল সারাবাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। শুক্রবার আন্দোলনকারীরা জানান, গত অগাস্ট মাস থেকে অবৈধভাবে এক অশিক্ষক কর্মী তপন নাগকে সাসপেন্ড করে রাখা হয়েছে। যা নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে। তাঁর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দফায় গত দু’মাস ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও জরুরি প্রশাসনিক কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়নি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বার্থে তাঁরা সাময়িকভাবে এদিন থেকেই আন্দোলন প্রত্যাহার করে নেন। আন্দোলন প্রত্যাহারকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সংগঠন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের অন্যতম সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, রায়গঞ্জের বিধায়ক বৃহস্পতিবার রাতে ফোন করে সমস্যা সমাধানের ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। সেইসঙ্গে তিনি উল্লেখ করেন আগামী অন্তত ১৫ দিন সময় লাগবে বিশ্ববিদ্যালয়ের বকেয়া প্রশাসনিক কাজগুলি সম্পন্ন করতে। তার জন্য কর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছে। যাতে এই সময়কালে তাঁরা অতিরিক্ত কাজ করে বকেয়া কাজগুলি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায় বলেন, তাঁরা মৌখিকভাবে কোথায় কী ঘোষণা করেছেন জানি না। তবে আমার কাছে এখনও কোনও লিখিত নথি আসেনি।  অশিক্ষক কর্মীদের সংগঠনের তরফে তপন নাগ ও সুবীর চক্রবর্তীরা  বলেন, দলের অনুমতি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল।  দলের নির্দেশে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে আলোচনার পরই ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হল। 
Advertisement
এদিনও রেজিস্ট্রারের কেবিনে অধ্যাপক দেবাশিস বিশ্বাসের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারী অশিক্ষক কর্মীদের একাংশের সঙ্গে। এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, দু’পক্ষই এদিন অনুমতি নিয়ে আমার কেবিনে আসে। এটা সামান্য বিষয়।
সম্পর্কিত সংবাদ