Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়া সফরেই দল গুছিয়ে নিতে চান আনসেলোত্তি

ভারত সহ আসন্ন তিনটি ফিফা ফ্রেন্ডলির জন্য বুধবারই ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। টিম ইন্ডিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও দু’টি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এশিয়া সফরেই দল গুছিয়ে নিতে চান আনসেলোত্তি
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত সহ আসন্ন তিনটি ফিফা ফ্রেন্ডলির জন্য বুধবারই ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। টিম ইন্ডিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও দু’টি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন করে দলকে গুছিয়ে নিতে চাইছেন ব্রাজিল কোচ। সেই মতো ভিনিসিয়াস, রাফিনহা, হোয়াও পেড্রো, মার্কুইনহোসদের মতো তারকা ফুটবলারদের পাশাপাশি ৮ জন নতুন ফুটবলারকে সুযোগ দিয়েছেন আনসেলোত্তি। মূলত ২০২৮ কোপা আমেরিকা ও পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই দলকে গুছিয়ে নিতে চাইছেন তিনি। ব্রাজিল কোচের কথায়, ‘পরবর্তী কোপা আমেরিকা আর বিশ্বকাপের কথা মাথায় রেখে আমাদের বেশি করে তরুণ ফুটবলার তুলে আনতে হবে।’ 

Advertisement

চলতি মাসের শেষেই ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর সেখানে খেলেই কলকাতায় পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে গুরপ্রীত-আনোয়াররা খেলবেন ভিনিসিয়াসদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকেও ব্রাজিল ম্যাচের জন্য নেওয়া হয়েছে একঝাঁক পরিকল্পনা। তার মধ্যে অন্যতম হল ব্র্যান্ডিং। সূত্রের খবর, বাইপাসের সংলগ্ন এলাকায় ব্রাজিল ও ভারতীয় ফুটবলারদের পোস্টার লাগানোর পাশাপাশি মেট্রো স্টেশনে টিভিতে ম্যাচ নিয়ে ঘোষণা করা হবে। পাশাপাশি ম্যাচের দিনে টস হতে পারে বিশেষ কয়েনে। ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হবে ভারত। তারপর ২৭ তারিখ কলকাতায় পা রাখতে পারে খালিদ ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ