নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরু বনাম শিষ্য! কনকনে শীতের শহরে বিশ্বনাথন আনন্দ বনাম নবীন প্রজন্মের লড়াই উত্তাপ আনছে। বুধবার শুরু হতে চলা টাটা স্টিল চেস ইন্ডিয়া হতে চলেছে ‘মেন্টর’ বনাম তরুণ তুর্কিদের একে অন্যকে টেক্কা দেওয়ার মঞ্চ। সেখানে আনন্দকে চ্যালেঞ্জ জানাতে হাজির অর্জুন এরিগাইসি, প্রজ্ঞানন্দ, বিদিথ গুজরাতি, নিহাল সারিন, অরবিন্দ চিথাম্বরমরা। শেষলগ্নে গুকেশ নাম তুলে নেওয়ায় অবশ্য এক আকর্ষণীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন দাবাপ্রেমীরা। চৌষট্টি খোপের যুদ্ধে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বনাম এই মুহূর্তের চ্যাম্পিয়ন অদেখাই রইল। তবে সদ্য বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী অর্জুন রয়েছেন।



