চিটফান্ডের সম্পত্তি বেচে টাকা ফেরাতে তৈরি হচ্ছে ‘এসওপি’
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি অর্থলগ্নী সংস্থার জমি বেহাত হলে তা ফেরানোর দায় কার? কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা সম্পত্তিতে অন্য সরকারি সংস্থা বা এজেন্সি হাত দিতে পারবে কি? এই দুই প্রশ্নের জট কাটতে সব তদন্তকারী সংস্থা ও এজেন্সিকে নিয়ে তৈরি হচ্ছে অভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (এসওপি)। হাইকোর্টের নির্দেশে ১ ডিসেম্বরের মধ্যে এই এসওপি তৈরি করে আদালতে জমা দিতে হবে। তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করে দেবে আদালত। 

Advertisement

প্রতারিত আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টের নির্দেশে, অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের নেতৃত্বে এক সদস্যের কমিটি তৈরি হয়। ওই কমিটির হাতে ভিবজিয়োর, টাওয়ার, পিনকন, প্রয়াগসহ মোট ৫৫টির বেশি বেআইনি অর্থলগ্নী সংস্থার সম্পত্তি রয়েছে। কিন্তু এই সম্পত্তি বেচে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় বারবার বাধার সৃষ্টি হচ্ছে। কোথাও সম্পত্তি জবরদখল হয়ে রয়েছে, আবার কোথাও বেআইনিভাবে হাতবদল হয়ে গিয়েছে। এমনকি সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই কারণে সম্পত্তি নিলামে তোলা যাচ্ছে না। 
একই সমস্যা ভুগতে হচ্ছে চিটফান্ডের বিরুদ্ধে তদন্তে ব্যাপৃত রাজ্যের ডিরেক্টরেট অব ইকোনোমিক অফেন্সেসেস (ডিইও), কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডিকে। সম্পত্তি অ্যাটাচমেন্ট পদক্ষেপ করতে গিয়ে তারা দেখছে, সেগুলি ওই চিটফান্ড সংস্থার হাতে নেই বা বেআইনি অর্থলগ্নী সংস্থা অন্য কাউকে ইতিমধ্যেই বেচে দিয়েছে! সম্পত্তি রেজিস্ট্রি পর্যন্ত করা হয়ে গিয়েছে। ফলে সম্পত্তি উদ্ধার দূর, সেগুলি বেচে আমানতকারীদের প্রাপ্য টাকা ফেরানোর পথটিও কার্যত রুদ্ধ হয়ে রয়েছে। একইসঙ্গে এস পি তালুকদার কমিটির ভূমিকা নিয়েও বিভিন্ন সময় আদালত অসন্তোষ ব্যক্ত করেছে। তার প্রেক্ষিতেই কমিটির নোডাল অফিসারকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে একটি এসওপি তৈরি করতে হবে। তা জমা দিতে হবে ১ ডিসেম্বরের মধ্যে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস বলেন, এই এসওপি তৈরি হলে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়বে। এতে জমি চিহ্নিত করে দ্রুত নিলাম করা যাবে। উপকৃত হবেন আমানতকারীরা। এক সংস্থা অন্য সংস্থার ঘাড়ে দায় চাপিয়ে পার পাবে না। 
সূত্রের খবর, সিবিআই ও ইডির হাতে বিপুল পরিমাণ চিটফান্ড সংস্থার জমি ও সম্পত্তি রয়েছে। বেশকিছু সম্পত্তি রয়েছে ডিইওর কাছেও। তালুকদার কমিটির কাছেও বিভিন্ন চিটফান্ড সংস্থার সম্পত্তি ব্লক করা আছে। কার হাতে কত সম্পত্তি, তা নির্দিষ্ট করার বিষয়টি এসওপিতে গুরুত্ব পাবে। এর মধ্যে থাকবে কোন জমি জবরদখল হয়েছে আর কোনটি বেহাত হয়ে গিয়েছে। তালুকদার কমিটি বাদে বিভিন্ন এজেন্সির কাছে থাকা জমি দ্রুত নিলাম কীভাবে হবে তা উল্লেখ করা হচ্ছে। নিলাম প্রক্রিয়া কারা করবে, এসপিওতে তারও উল্লেখ থাকছে। নিলামের পর আসা টাকা স্থানান্তর করা হবে তালুকদার কমিটির কাছে। প্রতারিত আমানতাকারীদের কাছে তারাই টাকা ফেরাবে।