Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৯৫২ সালে দেশের প্রথম নির্বাচনে ভোট দিয়েছেন, স্ত্রীকে নিয়ে বুথের লাইনে বৃদ্ধ

উচ্চতা প্রায় ৬ ফুট। শীর্ণকায় চেহারা। তবে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলায় সক্ষম। সকাল সকাল বাগবাজারে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সৌমেন মিত্র। বয়স ৯৫ বছর।

১৯৫২ সালে দেশের প্রথম নির্বাচনে ভোট দিয়েছেন, স্ত্রীকে নিয়ে বুথের লাইনে বৃদ্ধ
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চতা প্রায় ৬ ফুট। শীর্ণকায় চেহারা। তবে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলায় সক্ষম। সকাল সকাল বাগবাজারে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সৌমেন মিত্র। বয়স ৯৫ বছর। সঙ্গে তাঁর ৭৫ বছর বয়সি স্ত্রী। হাত ধরাধরি করে অধিকার রক্ষার লড়াইয়ে বাগবাজার মাল্টিপারপাস স্কুলের বুথে ভোটের লাইনে দাঁড়িয়েছেন প্রবীণ দম্পতি। সৌমেনবাবু জানালেন, ১৯৫২ সালে দেশের প্রথম লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তিনি। তারপর থেকে কোনো ভোট ‘মিস’ করেননি। স্মিতহাস্যে সায় দিলেন তাঁর স্ত্রী। 

Advertisement

মাল্টিপারপাস স্কুলের উলটো দিকের গলিতেই থাকে মিত্র পরিবার। গত চার দশকেরও বেশি সময় ধরে ভোট দিচ্ছেন সৌমেনবাবু। এসআইআর নিয়ে উদ্বেগে থাকলেও প্রথম তালিকাতেই তাঁদের নাম এসেছে। তবে এবারের ভোট যে ‘একটু অন্যরকম’, মানছেন মিত্র দম্পতি। বাগবাজার মাল্টিপারপাস স্কুলে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন। তাঁদের একাংশের অভিযোগ, ভিতরে ফাঁকা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশি সংখ্যায় ভোটারকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না। সব মিলিয়ে ভোটদানের গতি কমছে। আর তার জন্যই লম্বা লাইন পড়েছে বুথের বাইরে। মাঝেমাঝে অল্পবিস্তর উত্তেজনা, ক্ষোভও দেখা গেল ভোটারদের লাইনে। বিষয়টি নিয়ে আধাসেনার জওয়ানদের সঙ্গে রীতিমতো বাগযুদ্ধ চলে ভোটারদের। ওই পরিস্থিতিতেও লাঠি হাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন মিত্র দম্পতি। বৃদ্ধ সৌমেনবাবু বলছিলেন, ‘দেশে যখন স্বাধীনতার পর প্রথম নির্বাচন হয়েছিল, তখন ভোট দিয়েছিলাম। এটা আমার অধিকার এবং কর্তব্য। তাই ভোটদান থেকে কোনোদিন বিরত থাকিনি। অনেক জায়গায় নানারকম ঝামেলা শুনেছি। কংগ্রেস থেকে বাম তারপর তৃণমূল, বর্তমানে দেশে বিজেপি সরকার দেখছি। কিন্তু আমি কোনোদিন কোনো ঝামেলার সম্মুখীন হইনি। তবে এসআইআর পরবর্তী সময়ে এই ভোট মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। তাই ভোট দেওয়ার গুরুত্ব এবার আরও বেশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ