Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে এবার ইন্দোনেশিয়ার রাজবাড়ি, রাজস্থানের প্যালেসের আদলে পুজোমণ্ডপ

হাতে গোনা আর কয়েকদিন। ফি বছরের মতো এবারও থিমে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বারুইপুরের বিভিন্ন পুজো কমিটি।

বারুইপুরে এবার ইন্দোনেশিয়ার রাজবাড়ি, রাজস্থানের প্যালেসের আদলে পুজোমণ্ডপ
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: হাতে গোনা আর কয়েকদিন। ফি বছরের মতো এবারও থিমে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বারুইপুরের বিভিন্ন পুজো কমিটি। কোথাও থিম বন্দেমাতরম, কোথাও ইন্দোনেশিয়ার রাজবাড়ি, রাজস্থানের মন্দির বা রাজস্থানের প্যালেস। কোথাও বা সুতোয় তৈরি মণ্ডপ। আবার কোথাও  গ্রাম্য পরিবেশে মাটির ঘরে আসছে মা উমা। 

Advertisement

বারুইপুরের প্রগতি সংঘ। ফি বছরেই পুজোয় নজর কাড়ে এই পুজো কমিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রগতি সংঘের পুজো এবারে ৩৪ বছরে পড়েছে। পুজো কমিটির সভাপতি  স্বপন আঢ্য বলেন, এবারে ইন্দোনেশিয়ার রাজবাড়ির আদলে আমাদের মণ্ডপ নির্মিত হচ্ছে। সম্পূর্ণ ফোম, কাপড় সহ অন্যান্য উপাদান দিয়ে হচ্ছে মণ্ডপ। এবার প্রতিমাতেও থাকবে অভিনবত্ব। প্রতি বছর কুমোরটুলি থেকে প্রতিমা আসতো। এবার কৃষ্ণনগর থেকে প্রতিমা আনা হচ্ছে।
বারুইপুরের আরও একটি অন্যতম পুজো বারুইপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাসন বালক সংঘের পুজো। ফি বছরেই নজরকাড়া থিম থাকে তাদের। পুজো কমিটির সদস্য পীযূষ মণ্ডল ও সুভাষ রায়চৌধুরী বলেন, এবার থিম বন্দেমাতরম। ৭০ বছরের পুজো আমাদের। মণ্ডপ শিল্পী ধপধপির পিন্টু কর বলেন, মণ্ডপে ঢোকার মুখে উপরে থাকবে ভারত মাতার মূর্তি। লেখা থাকবে বন্দেমাতরম। ভিতরে সিলিংয়ে পতাকার মাঝে জ্বলবে ঝাড়বাতি। ভিতরে দুপাশে থাকবে ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিবেকানন্দের ছোট ছোট মূর্তি, জাতীয় পতাকার বিভিন্ন ছবি।
বারুইপুরের ফুলতলা দুর্গোৎসব পুজো কমিটি ফি বছরের মত এবারেও চমক নিয়ে তৈরি। পুজো কমিটির সম্পাদক রকি দত্ত বলেন, এবার আমাদের পুজো ৭৬ বছরের। সুতোয় বোনা স্বপ্ন এবারে থিম আমাদের। পুরো সুতো দিয়ে তৈরি হচ্ছে আমাদের মণ্ডপ। সুতোর ঘণ্টা থেকে শুরু করে রাধাকৃষ্ণ, টাকা– সবই থাকছে। দর্শনার্থীদের নজর কাড়বেই। বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লি সর্বজনীন পুজো এবার ৫২ বছরে। এবার এঁদের থিম মাটির ঘরে উমা। প্রতি বছরেই নজর কাড়ে এই পুজো। পুজো কমিটির সম্পাদক স্বরূপ দত্ত বলেন, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে মা আসছেন। গ্রামের মাটির বাড়ি, খড়ের গাদা, ঠাকুর দালানে মায়ের আরাধনা দেখা হবে। মাটির কুলো, প্রদীপ, শঙ্খ- সবই থাকবে। থাকবে আলোকসজ্জাও।
পাশাপাশি ফুলতলা বিধান স্মৃতি সংঘ এবারও আকর্ষণীয় থিম নিয়ে তৈরি হচ্ছে। ৫৪ বছরে এবার এই পুজো। পুজো কমিটির কর্তা তিমিরবরণ সামন্ত বলেন, রাজস্থানের প্যালেসের অনুকরণে মণ্ডপ। থিম রাজস্থানের প্যালেস। এছাড়া থাকছে কুমোরটুলির প্রতিমা। বারুইপুরের সাহাপাড়া সাত আট পল্লি সর্বজনীন-এর পুজো এবার ৬৩ বছরে পড়েছে। পুজো কমিটির কর্তা উত্তম মহাপাত্র বলেন, রাজস্থানের মন্দিরের আদলে মণ্ডপ নির্মিত হচ্ছে আমাদের। সঙ্গে থাকছে বাড়তি আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ