নয়াদিল্লি: অভিযোগ যতই গুরুতর হোক না কেন, বিচার শুরুর আগে কাউকে অনির্দিষ্টকাল জেলে আটকে রাখা যায় না। সম্প্রতি এক মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আর এই যুক্তি দিয়েই রাজস্থানের জল জীবন মিশন প্রকল্পে ৯৭৯ কোটি ৪৫ লক্ষ টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী মহেশচন্দ্র যোশি ও তাঁর সঙ্গী মুকেশ পাঠকের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। এর আগে ১৩ আগস্ট ধৃতদের জামিন খারিজের নির্দেশ দিয়েছিল রাজস্থান হাইকোর্ট। পরে মামলাটি সুপ্রিম কোর্টে পৌঁছায়। শুনানি শেষে ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানিয়েছে, স্রেফ গুরুতর অভিযোগ বলে কাউকে দীর্ঘদিন জেলে রাখা যায় না।
আদালতের বক্তব্য, বিচার ছাড়াই কাউকে দীর্ঘদিন আটকে রেখে বিষয়টিকে শাস্তিতে পরিণত হতে দেওয়া যায় না। একজন বিচারাধীন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা ও দ্রুত বিচার পাওয়ার মৌলিক অধিকার রয়েছে। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এভাবে দীর্ঘদিন আটকে রাখলে তা মৌলিক অধিকারের পরিপন্থী হয়ে দাঁড়ায়।
২০২৪ সালে রাজস্থানের জল জীবন মিশনে ৯৭৯ কোটি ৪৫ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নেমে তৎকালীন মন্ত্রী মহেশচন্দ্র যোশিকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তদন্তের কাজ শেষ হয়েছে। সমস্ত তথ্য-প্রমাণও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। চার্জও গঠন করা হয়নি। আর এরইমাঝে দীর্ঘদিন জেলে বন্দি রয়েছেন প্রাক্তন মন্ত্রী। পুরো বিষয়টি শোনার পর মন্ত্রীর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।



