সংবাদদাতা, ইটাহার: প্রত্যন্ত গ্রামে প্রায় চারশো বছরের পুরনো ইটাহারের ধুলহোর সর্বজনীন দুর্গাপুজো সম্প্রীতির এক অনন্য নজির তুলে ধরে। তৎকালীন জমিদার এই পুজো শুরু করেন গ্রামবাসীদের মঙ্গল কামনায়। তারপর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজন করছেন এই পুজো। পুজোর কটা দিন কোনও বাড়িতে রান্না হয় না আমিষ। স্থানীয়দের কথায়, ধুলফুল রাজার নামে গ্রামের নাম হয় ধুলহোর। তৎকালীন জমিদার ভূপালচন্দ্র রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। পরবর্তীতে দায়িত্ব গ্রামবাসীদের কাঁধে তুলে দেন জমিদার। পুজোকে কেন্দ্র করে দশমীর পরের দিন গ্রামে বসে মেলা। নবমীতে গ্রামের নারায়ণ, রক্ষাকালী, সিদ্ধেশ্বরী কালী, সর্বমঙ্গলা কালীর পুজো দিয়ে শুরু হয় দুর্গাপুজো।



