সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের স্কুলগুলিতে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি। এই লম্বা ছুটিতে ছাত্রছাত্রীদের সামার প্রজেক্টের কাজ দিয়েছে স্কুল। সেই প্রজেক্টই এবার পড়ুয়াদের হাতেকলমে শেখালেন আমতা পশ্চিম সার্কেলের মেনকা স্মৃতি বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকরা। পড়ুয়াদের ডেকে এনে স্কুল সংলগ্ন আমরাগড়ি সাধারণ পাঠাগার, অমরাগড়ি পঞ্চায়েত অফিস এবং গাছ-গাছালি ঘেরা একটি বাগানে নিয়ে যান তাঁরা। সেখানে ছাত্রছাত্রীদের পরিবেশের তারতম্য ও গুরুত্ব বোঝানো হয়েছে। পাশাপাশি তাদের পরিবেশ সম্পর্কিত বাড়ির কাজ দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষকদের মতে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে শিক্ষা গ্রহণই আমাদের মূল লক্ষ্য। সেকারণেই এই উদ্যোগ। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। তাঁদের মতে, আগে গরমের ছুটিতে ছেলেমেয়েরা সেভাবে বাড়িতে পড়তে বসতে চাইত না। এখন সামার প্রজেক্টের জন্য স্কুলের এই উদ্যোগের ফলে বাড়িতে পড়াশোনায় আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। নিজস্ব চিত্র



