Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজপুর সোনারপুরে অম্রুত প্রকল্প: গঙ্গার জল তুলে পুরসভার শোধন কেন্দ্রে পরীক্ষা শুরু

অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হল রাজপুর সোনারপুর পুরসভায়। গার্ডেনরিচের ভূতঘাট থেকে গঙ্গার জল ইতিমধ্যে মহামায়াতলার পরিশোধন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

রাজপুর সোনারপুরে অম্রুত প্রকল্প: গঙ্গার জল তুলে পুরসভার শোধন কেন্দ্রে পরীক্ষা শুরু
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অম্রুত প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হল রাজপুর সোনারপুর পুরসভায়। গার্ডেনরিচের ভূতঘাট থেকে গঙ্গার জল ইতিমধ্যে মহামায়াতলার পরিশোধন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। পাইপ ও ওভারহেড জলাধারের পরিকাঠামো ঠিক আছে কি না, কোথাও কোনও লিকেজ আছে কি না ইত্যাদি দেখতে সব জায়গায় জল পাঠিয়ে সেটা পরীক্ষা করা হচ্ছে।

Advertisement

এই পুর এলাকায় প্রায় ৮৫ শতাংশ পাইপলাইন বসানোর কাজ শেষ। বর্তমানে পিডব্লুডি এবং কেএমডিএর আওতায় থাকা রাস্তাগুলিতে জোরকদমে চলছে পাইপ বসানোর কাজ। তার মধ্যেই গঙ্গার জল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। পুরসভার সিআইসি নজরুল আলি মণ্ডল বলেন, জল পাঠিয়ে ট্রিটমেন্ট প্লান্টের পরিকাঠামো পরীক্ষা করে দেখা হচ্ছে এখন। অনেকদিন আগেই পাইপ বসানো হয়েছে। জলের চাপ সেগুলি নিতে পারছে কি না, সেটাও দেখে নিচ্ছেন আধিকারিকরা। পাইপলাইনের কাজ শেষ হওয়ার পরই যাতে বাড়ি বাড়ি জল সরবরাহ করা যায়, সেই লক্ষ্যে তৎপরতা চলছে। এখনও পর্যন্ত কোথাও কোনও ত্রুটি বা সমস্যা দেখা যায়নি বলেই দাবি পুরসভার।
এদিকে, এই প্রকল্পের জেরে গোটা পুরসভা জুড়ে রাস্তা খোঁড়াখুঁড়ি হয়েছে। তার জেরে যাতায়াতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীর। সমস্যার কথা মানছেন পুরকর্তারা। তাঁরা আশ্বাস দিয়েছেন যে, জল সরবরাহ শুরু হয়ে গেলে সব রাস্তা ঠিক করে দেওয়া হবে। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ