মুম্বই: আশঙ্কাজনক অবস্থায় ক্যালিফোর্নিয়ার হাসপাতালে ভর্তি মেয়ে। পথ দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছেন। হাজার চেষ্টা সত্ত্বেও আমেরিকা যাওয়ার ভিসা পাচ্ছিলেন না মা-বাবা। আগামী বছরের আগে কিছুতেই তারিখ পাচ্ছিল না মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা ওই দম্পতির। ভিসা পেতে শেষে ভারত সরকারের শরণাপন্ন হন নীলম সিন্ধে (৩৫) নামে ওই যুবতীর অভিভাবকরা। তাঁদের আর্জিতে সাড়া দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিদেশ মন্ত্রক। কেন্দ্রের আর্জিতে রাজিও হয়েছে আমেরিকা। জানা গিয়েছে, আজ সকাল ৯টায় ইমারজেন্সি ভিসার ইন্টারভিউ দেবেন নীলমের বাবা। প্রসঙ্গত, স্বাস্থ্য সহ একাধিক কারণে জরুরি ভিত্তিতে মার্কিন ভিসার আবেদন করা যায়। তবে এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় নথি দেখাতে হবে।



