Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে অমৃত ভারতের কাজ শেষ করতে হবে ১৫ দিনেই, পরিদর্শনে এসে কড়া নির্দেশ ডিআরএমের

বালুরঘাট স্টেশনে জোর কদমে চলছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে স্টেশন উন্নয়নের কাজ। সেই কাজ এখন শেষের দিকে। শেষ মুহূর্তের কাজ চললেও কাজের নানা ভুলভ্রান্তি রয়ে গিয়েছে।

বালুরঘাটে অমৃত ভারতের কাজ শেষ করতে হবে ১৫ দিনেই, পরিদর্শনে এসে কড়া নির্দেশ ডিআরএমের
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট স্টেশনে জোর কদমে চলছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে স্টেশন উন্নয়নের কাজ। সেই কাজ এখন শেষের দিকে। শেষ মুহূর্তের কাজ চললেও কাজের নানা ভুলভ্রান্তি রয়ে গিয়েছে। তাই এখন ভুল ভ্রান্তি সংশোধনের কাজ চলছে। সেই কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাট  স্টেশনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কীরেন্দ্র নাড়া। তিনি এখানে এসে সরাসরি ঠিকাদারদের সঙ্গে কথা বলে বেশ কিছু প্রশ্ন করেন। কত তারিখের মধ্যে কাজ শেষ হবে তা তিনি শুনে নেন। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ডি আর এম। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছেন ডিআরএম। 

Advertisement

এই ব্যাপারে ডিআরএম বলেন, রেলের বিভিন্ন বিভাগের সমস্ত টিম নিয়ে আজ বালুরঘাট স্টেশন পরিদর্শন করলাম। এখানে অমৃত ভারত প্রকল্পে নানা ধরনের কাজ চলছে। এই কাজ এখন শেষের দিকে। 
শুধু লিফট ইনস্টলেশনের কাজ বাকি আছে। আরো বেশ কিছু কাজ রয়েছে যেগুলি সংশোধন করে সেই কাজগুলি করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এরপরেই উদ্বোধন হবে।
বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎকুমার রায় বলেন, দীর্ঘদিন ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। এর আগে কাজের গতি নিয়ে একটু সমস্যা ছিল। কাজের গতি অনেকটাই কম ছিল। পরবর্তীতে কাজ দ্রুত চলছে। এখন কাজ প্রায় শেষের দিকে। আমরা চাইবো তাড়াতাড়ি অমৃত ভারত প্রকল্পে বালুরঘাট স্টেশন উন্নত হবে। তাহলে যাত্রীরা ভালো পরিষেবা পাবে। 
রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত প্রকল্পে বর্তমানে রেল স্টেশনের উন্নয়নের কাজ চলছে। ইতিমধ্যেই রেল স্টেশনের মূল ভবনের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। রেল স্টেশনের ভবন গঠনগত পরিবর্তন করে অত্যাধুনিক আলো বসানো হয়েছে।
রেলস্টেশনের ভিতরে নতুন ওভারব্রিজ তৈরি হয়েছে। ওভারব্রিজের পাশে দু’টি লিফট বসানো হচ্ছে। অন্যদিকে, স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে। ওপরে শেডের কাজ শেষ হয়ে গিয়েছে। পিট ও সিক লাইনের কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে পিট লাইন, সিক লাইনে দু’টি রেলের লাইন থাকলেও আরও লাইন বসানো হবে। রেল লাইনের অভাবে একসঙ্গে অনেক ট্রেন দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। বর্তমানে স্টেশনে তিনটি প্লাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। আরো একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে। 
স্টেশন চত্বরে নতুন করে লোকো পাইলট রানিং রুম,ওয়াশিং প্ল্যান্ট হচ্ছে। সেই কাজের জায়গাগুলি পরিদর্শন করেন ডিআরএম। বিগত দিনে ওই কাজগুলির গতি নিয়ে নানা অভিযোগ এসেছিল। এবার
প্রত্যেকটি কাজের ঠিকাদারদের কাজ শেষ করার চূড়ান্ত সময়সীমা বেধে দিয়েছেন ডিআরএম। বালুরঘাট স্টেশনে কাজের পাশাপাশি বালুরঘাট- হিলি রেল প্রকল্প নিয়ে ডিআরএম বলেন, ওই কাজটি কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট করছে। ওই কাজ জোর কদমে চলছে। অন্যদিকে, নতুন রেল চালু হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি বলেই ডিআরএম জানিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ