Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আমরা সবাই ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা নির্ভরপুরে

আমরা সবাই ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা নির্ভরপুরে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দীর্ঘ কয়েক বছর পর ফের নির্ভয়পুরের বালিপুর মাঠে শুরু হল ফুটবল টুর্নামেন্ট। খেলার আয়োজন করে আমরা সবাই ক্লাব। আরামবাগ পুরসভার ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডের ঘোনা, ঘিয়া, বাদলকোণা, নির্ভয়পুর, বসন্তপুর এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত হয়েছে আমরা সবাই ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে বালিপুর মাঠে হরিসাধন মহন্ত স্মৃতি ট্রফির আয়োজন করা হয়। হুগলি সহ বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতা প্রভৃতি এলাকা থেকে আটটি টিম এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। কলকাতা থেকে রেফারি এসে খেলাগুলি পরিচালনা করেন। ফুটবল প্রতিযোগিতা দেখতে বহু মানুষ ভিড় করেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলা দেখে মুগ্ধ হন দর্শকরা।
Advertisement
ক্লাবের সভাপতি জয়দুলাল সোম বলেন, আগে আমাদের ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট হতো। কিন্তু, মাঝে বেশ কিছু বছর আয়োজন করা যায়নি। মাঠটি বেহাল হয়ে পড়ে। সম্প্রতি ক্লাবের উদ্যোগে মাঠটির সংস্কার করা হয়। তারপর এদিন থেকে সাড়ম্বরে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 
ক্লাবের সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম ওরফে বাবলু বলেন, নতুন প্রজন্ম মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছে। মাঠে উপস্থিতি কম দেখা যাচ্ছে। কিন্তু, ফুটবল বাঙালির প্ৰিয় খেলা। ফুটবলে শরীর চর্চাও হয়। তারসঙ্গে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে। তাই আমরা ফের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ঘোনা, ঘিয়া, নির্ভয়পুর, বাদলকোণা, বসন্তপুর প্রভৃতি এলাকার মানুষ আমাদের এই টুর্নামেন্ট সফল করতে নানাভাবে সহযোগিতা করেছেন। 
ক্লাব সূত্রে জানা গিয়েছে, ক্লাবে বর্তমানে প্রায় ৭৫ জন সদস্য রয়েছেন। এদিন সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০টা নাগাদ ফুটবল টুর্নামেন্টের সূচনা করা হয়। এদিন টুর্নামেন্টের ফাইনাল খেলায় হুগলির বিনয় বাদল দীনেশ ক্লাব ৩-২ গোলে মেদিনীপুরের নারায়ণপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বিষ্ণু মালিক। ম্যান অব দ্য ম্যাচ নিপো। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে আকর্ষণীয় ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রত্যেকটি খেলায় ম্যান অব দ্য ম্যাচকেও আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। এছাড়া যেসব দর্শক খেলা দেখে মূল্যবান মতামত জানিয়েছেন, তাঁদেরও পুরস্কৃত করা হয়। এদিন খেলা পরিচালনায় শুরু থেকে সাহায্য করেন আরামবাগের প্রাক্তন ক্রীড়া বিদ হুমায়ুন খান।
Advertisement
সম্পর্কিত সংবাদ