সংবাদদাতা, মালদহ: এ যেন আরও এক স্বাধীনতার স্বাদ। বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া মালদহের কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ বাড়িতে ফিরেছেন। শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা দিল তৃণমূলের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যরা। এদিন জেলা তৃণমূলের তরফে আমিরের গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। করানো হয় মিষ্টিমুখ।
আমির কালিয়াচকের বাড়িতে ফিরে আসায় জেলা তৃণমূলের সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা রাজ্য পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এবং জেলা প্রশাসনের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, আমিরের পাশে দাঁড়িয়ে বাঙালি হেনস্তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে তুলোধোনা করেন রহিম। জেলা তৃণমূল সভাপতি বলেন, বাংলাদেশে পুশব্যাক হওয়া আমির বাড়ি ফিরেছেন। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। তাঁকে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বাঙালি হেনস্তার প্রতিবাদে আন্দোলন করছেন। জেলাজুড়ে বিভিন্ন প্রান্তে মহামিছিল করে কেন্দ্রের উপর চাপ তৈরি করা হয়েছিল। তারা বাধ্য হয়েছে আমিরকে ফিরিয়ে আনতে।
চলতি বছরের জুন মাসে রাজস্থানে কাজ করতে যান মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ। অভিযোগ, সেখানে বাঙালি এবং বাংলাদেশি সন্দেহে তাঁকে আটক করা হয়। তার কিছুদিন পর বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দেওয়া হয়েছিল। আমির শুক্রবার মালদহে ফিরেছেন।
জেলা তৃণমূল সভাপতি আরও বলেন, আমিরের পূর্বপুরুষ জেলার দীর্ঘদিনের বাসিন্দা। অথচ কেন্দ্রীয় সরকার আমিরকে বাংলাদেশি বলছে। নির্লজ্জ, বেহায়া, অপদার্থ কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী স্বৈরাচারী। মুখ্যমন্ত্রীর তৎপরতায় আমির ফিরে আসায় আমরা খুশি। নিজস্ব চিত্র