সংবাদদাতা, ডোমকল: ভোটের আগে রাজ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পরিযায়ী শ্রমিক ইস্যু। বাম, কংগ্রেস থেকে তৃণমূল প্রায় সব রাজনৈতিক শিবিরই এই ইস্যুকে সামনে রেখে সুর চড়িয়েছিল। ভোট মিটেছে, সরকার বদলেছে। কিন্তু, তারপরেও কি মিটেছে পরিযায়ী শ্রমিকদের সমস্যা? এখনো ভিনরাজ্যে কোনো শ্রমিকের মৃত্যু হলে মাঝেমধ্যেই তাঁর দেহ বাড়িতে ফেরাতে চাঁদা তুলতে হচ্ছে সহকর্মীদের। এনিয়ে এলাকায় এলাকায় ক্ষোভ রয়েছে। দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে মৃতদেহ ফেরানোর খরচ জোগাড় করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
প্রসঙ্গত, ডোমকল মহকুমার বহু পরিবারের পুরুষ সদস্য কাজের জন্য ভিনরাজ্যে থাকেন। গত বছর শুধুমাত্র বাংলা বলার কারণে ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার একাধিক অভিযোগ সামনে এসেছিল। কখনো জোর করে ধর্মীয় স্লোগান বলানো, কখনো বাংলাদেশি কিংবা রোহিঙ্গা তকমা দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল। বিধানসভা ভোটের আগে সেই ঘটনাগুলিকে কেন্দ্র করেই গুরুত্ব পায় পরিযায়ী শ্রমিক ইস্যু। পালাবদলের পর এই ধরনের হেনস্তার ঘটনা কিছুটা কমেছে বলে মনে করছেন অনেকে। তবে শ্রমিকদের নিরাপত্তা ও অন্যান্য সমস্যা কতটা মিটেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছে।
পরিযায়ী শ্রমিকদের অন্যতম বড় সমস্যা ভিনরাজ্যে মৃত্যুর পর দেহ বাড়িতে ফেরানো। অভিযোগ, কিছু ক্ষেত্রে সংস্থার তরফে দেহ কলকাতা পর্যন্ত পৌঁছে দেওয়া হলেও সেখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে হিমশিম খেতে হয় পরিবারকে। তখন সহকর্মী ও পরিচিত এমনকি চাঁদার জন্য হাত পাততে হয়। মাসকয়েক আগেই জলঙ্গির মজিবর শেখ নামে এক শ্রমিকের কেরলে মৃত্যু হলে তাঁর দেহ ফেরাতেও চাঁদা তুলতে হয়েছিল পরিবারের লোকজনকে। এমন ঘটনা যে বিচ্ছিন্ন নয়, সেই দাবিই করছেন পরিযায়ী শ্রমিকরা। এই সমস্যার কথা তুলে ধরেই সম্প্রতি সমাজমাধ্যমে ভিডিয়ো আপলোড করেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সোহেল সর্দার। কেরলে কর্মরত ওই শ্রমিক ভিডিয়োতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার কাছে আবেদন জানান, ভিনরাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে যেন তাঁদের দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থা করা হয়। তাঁর বক্তব্য, মৃত্যুর পর সহকর্মীদের কাছ থেকে ৫, ১০, ৫০ বা ১০০ টাকা করে চাঁদা তুলে কয়েক দিন পরে দেহ বাড়িতে পাঠাতে হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি চান তাঁরা। এই জন্য আর্জি জানান তিনি। কখনো বামেরা সরকার গড়লে এই সমস্যার সমাধানের পুরোপুরি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে তার প্রতিক্রিয়ায় ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা বলেন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা আমি জানি। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং পরিস্থিতি বুঝতে আগেও কেরলে গিয়েছি, আবারও যাব। সোহেল ভাইকে বলব, আমার সঙ্গে যোগাযোগ রাখুন। কেরল বা অন্য রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের কোনো সমস্যা হলে সরাসরি জানাবেন। আমার সাধ্য সীমিত হলেও কেরালায় দলের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করব। একজন বিধায়ক ও মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব।
পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মেহবুব শাহ আলম বলেন, পালাবদল হলেও পরিযায়ী শ্রমিকদের সমস্যার ছবিটা বদলায়নি। কাজের জন্য ভিনরাজ্যে গিয়ে এখনো নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, সেখানে কোনো শ্রমিকের মৃত্যু হলে তাঁর দেহ বাড়িতে ফেরাতেও সহকর্মীদের চাঁদা তুলতে হয়। ভোটের আগে এই সমস্যা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু, শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা এখনো চোখে পড়ছে না।



