নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর অন্ধকারে ভারতীয় ফুটবল। ২৪ ঘণ্টা আগেই আইএসএলের ১৩ টি ক্লাব ও ফ্র্যাঞ্চাইজি কর্তাদের ই-মেল করে টুর্নামেন্ট স্থগিত রাখার কথা জানায় এফএসডিএল। এরপরই ফেডারেশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কিন্তু নয়াদিল্লির ফুটবল হাউসের কর্তারা এককাঠি সরেস। শনিবার দায়সারা বিবৃতি দিয়েই ক্ষান্ত তারা। মূল বক্তব্য, সমস্যার সমাধানে চেষ্টার কমতি নেই। কিন্তু তাদেরও হাত-পা বাঁধা। একইসঙ্গে জানানো হয়েছে, এফএসডিএলের পরিকল্পনার পাল্টা হিসাবে নতুন প্রস্তাবও জমা দেয় ফেডারেশন। আন্তরিকতায় কোনও খামতি নেই। কিন্তু বিষয়টি শুধু ফেডারেশনের হাতে নেই। আদালতের নির্দেশের উপর অনেককিছু নির্ভরশীল। উল্লেখ্য, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। নতুন সংবিধান চালু থেকে ফেডারেশনের নির্বাচনের বিষয়ে পরিষ্কার চিত্র মিলতে পারে সর্বোচ্চ আদালতে।



