Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু

আমডাঙায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার জাতীয় সড়ক ১২-এর সম্প্রসারণের কাজ শুরু হল। আদালতের নির্দেশে এদিন পর্যাপ্ত সংখ্যক পুলিস ও জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। যদিও বিক্ষোভকারী জমিদাতারা এদিন কাজে বাধা দেননি।
Advertisement
কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম লাইফলাইন হল ১২ নম্বর জাতীয় সড়ক। জেলা সদর বারাসত থেকে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তার সম্প্রসারণ হয়েছে। কিন্তু আমডাঙার সন্তোষপুর মোড় থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত প্রায় ১৮ কিমি রাস্তার সম্প্রসারণ আটকে রয়েছে প্রায় ১৬ বছর। দু’ধারে জমি অধিগ্রহণের জন্য চিহ্নিত হয়ে গিয়েছে। কিন্তু জমির দখল নিতে পারেনি প্রশাসন। অনেক জমিদাতা ক্ষতিপূরণের টাকা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে জমিদাতাদের একাংশ ২০১৩ সালের জমি অধিগ্রহণের আইন অনুযায়ী ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন শুরু করেন। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে জমি অধিগ্রহণের ১৬ বছর পর শনিবার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
এদিন সকালে গিয়ে দেখা গেল, জাতীয় সড়কের দু’দিক জেসিবি দিয়ে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এনিয়ে জমিদাতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, পাঁচটি দাগ নম্বরে আমার জমি রয়েছে। এর মধ্যে চারটি দাগ নম্বরের জমির জন্য ক্ষতিপূরণের টাকা পেয়েছি। এখনও একটি দাগ নম্বরের জমির টাকা পাইনি। আর বিধায়ক রফিকুর রহমান বলেন, ওই এলাকার ৯০ শতাংশ মানুষ জাতীয় সড়ক সম্প্রসারণের পক্ষেই রয়েছেন। কয়েকজন আন্দোলনের নামে করে এত বছর কাজ আটকে রেখেছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ