মুমূর্ষুকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু অ্যাম্বুলেন্স চালকের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পথেই অঘটন। মৃত্যু হল অ্যাম্বুলেন্স চালকের। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম প্রাণজিৎ বসুমাতারি (৪১)। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কালচিনির মেন্দাবাড়ির রাভাবস্তিতে ব্যস্ততম ৩১-সি জাতীয় সড়কে। তবে বরাতজোরে বেঁচে যান অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগীর দুই আত্মীয় ও চালকের এক সহকর্মী। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই অ্যাম্বুলেন্স চালকের বাড়ি অসমে। কর্মসূত্রে তিনি মাদারিহাটে থাকতেন। মাদারিহাট হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসাবে কর্মরত ছিলেন। এদিন মাদারিহাটের রাঙালিবাজনা থেকে ওই মহিলা রোগীকে নিয়ে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যাচ্ছিলেন। মেন্দাবাড়ির রাভাবস্তিতে অ্যাম্বলেন্সটির সামনে ছিল একটি কন্টেনার। কন্টেনারের উলটো দিক থেকে আসছিল হাসিমারাগামী একটি ট্রাক। রাভাবস্তির টার্নিংয়ে দ্রুতগতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটির সামনে সজোরে ধাক্কা মারে। আর সেই ধাক্কার অভিঘাতে কন্টেনারটি পিছিয়ে যায়। পিছনে থাকা অ্যাম্বুলেন্সটি সোজা গিয়ে সেই কন্টেনারে গিয়ে ধাক্কা মারে। সেই ধাক্কায় অ্যাম্বুলেন্সটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্স চালক প্রাণজিৎ বসুমাতারি। পরে পুলিশকে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে চালকের দেহ বাইরে বের করে আনতে হয়। 
অন্যদিকে, দুর্ঘটনার পর পুলিশ তড়িঘড়ি ওই রোগী ও তাঁর দুই আত্মীয়কে অন্য একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে হাসপাতালে রওনা করিয়ে দেয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবশ্য তৎপরতার সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়িকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল ফের স্বাভাবিক হয়। পুলিশ কন্টেনার ও ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে। কালচিনি থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।