Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা বেহাল গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথেই মৃত্যু গ্রামের জামাইয়ের

রাস্তা বেহাল গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথেই মৃত্যু গ্রামের জামাইয়ের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বেহাল রাস্তার জন্য গ্রামের ভিতরে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। তাই গ্রামের জামাই অসুস্থ হয়ে পড়ায় সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের কাঁকড়া এলাকায়। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। মৃত জামাইয়ের নাম বাদল মাণ্ডি(৪০)। তাঁর বাড়ি ডেবরা থানার গোলগ্রাম এলাকায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ওই গ্রামের বাসিন্দারা। তবে, ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাঢ়ী বলেন, রাস্তার অবস্থা এতটা খারাপ নয় যে গাড়ি ঢুকতে পারবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন রবিবার জামাইষষ্ঠীর করতে শ্বশুরবাড়ি এসেছিলেন বাদলবাবু। সেদিন থেকে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। বুধবার দুপুরে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু, বেহাল রাস্তার জন্য গ্রামের ভিতরে কোনও অ্যাম্বুলেন্স ঢুকতে চায়নি। অগত্যা টোটোচালকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও গ্রামে আসতে চায়নি। এরপর খাটিয়া করে বাদলবাবুকে বড় রাস্তায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। লোকজন জোগাড় করতেও বেশকিছু সময় নষ্ট হয়। এরপর খাটিয়ায় বড় রাস্তায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাদলবাবুর মৃত্যু হয়।  খাটিয়ায় বাদলবাবুকে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। 
স্থানীয় গ্রামবাসী স্বপন মাণ্ডি বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে সমস্যা আরও বাড়ে। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় কোনও গাড়ি ঢুকতে চায় না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাদলবাবুর মৃত্যু হয়। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। গ্রামের জামাইয়ের মৃত্যু মন থেকে মেনে নিতে পারছি না।
প্রসঙ্গত, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠকে গুরুত্ব সহকারে রাস্তা সংস্কারের কথা বলেছেন। জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পে পশ্চিম মেদিনীপুর জেলায় ১৭১৯ টি রাস্তা সংস্কার হবে। তার মধ্যে ১২৩৫টি রাস্তা সংস্কার হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ