লখনউ: উত্তরপ্রদেশের পুর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সের ধাক্কা। মৃত্যু হল চার জনের। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৮টা নাগাদ অযোধ্যা-সুলতানপুর সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সে করে চণ্ডীগড় থেকে সুবেদার মেজর সত্যবানের দেহ তাঁর গ্রামের বাড়ি দেওরিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনায় সত্যবানের ছেলে গৌরব সিংহ (২৮), ভাই রাজন চৌধুরী (৩৫), ভাইপো রাম সমুজ সিংহ (৪০) এবং অ্যাম্বুলেন্স চালক জসপাল (৩০)-এর মৃত্যু হয়েছে। গৌরব ও জসপাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রাজন ও রাম সমুজকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আপাতত সুবেদার মেজর সত্যবানের দেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে।



