সংবাদদাতা, পুরুলিয়া: বি আর আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদ করে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এদিন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরে ট্যাক্সিস্ট্যান্ডে আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে রাস্তায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ ডাগা সহ শহর তৃণমূলের অন্যান্য নেতা এবং কাউন্সিলরেরা। চেয়ারম্যান বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আম্বেদকর এর মত ব্যক্তিত্বকে অপমান করেছেন তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এদিন এই ট্যাক্সিস্ট্যান্ডেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশ পুতুল পোড়ানো হয়। অন্যদিকে পুরুলিয়ার জেকে কলেজের সামনে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা।



