Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আম্বেদকর ইস্যুতে রামপুরহাটে প্রতিবাদে তৃণমূল

আম্বেদকর ইস্যুতে রামপুরহাটে প্রতিবাদে তৃণমূল
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে সোমবার রামপুরহাট মহকুমাজুড়ে হাজার হাজার তৃণমূল নেতাকর্মী পথে নামল। এদিন তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি মান্তু চক্রবর্তীর নেতৃত্বে রামপুরহাট কলেজের সামনে ধর্না কর্মসূচি হয়। প্রচুর ছাত্রছাত্রী প্রতিবাদে অংশ নেন। বিকেলে রামপুরহাট শহরে শাসকদলের প্রতিবাদ মিছিল হয়। দলের শহর ও রামপুরহাট-১ ব্লক কমিটির তরফে এই মিছিল হয়েছিল। সেখানে বোলপুরের সাংসদ অসিত মাল, তৃণমূলের ব্লক সভাপতি নীহার মুখোপাধ্যায়, শহর সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ অন্যরা উপস্থিত ছিলেন। মুরারইতেও একই ইস্যুতে তৃণমূলের কার্যালয় থেকে বিশাল মিছিল বের করা হয়। পরে নতুনবাজার মোড়ে পথসভায় অমিত শাহ ও কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় মুখর হন নেতৃত্ব। মাড়গ্রাম, নলহাটি, মল্লারপুর ও ময়ূরেশ্বরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে দলে দলে কর্মীরা যোগ দেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা ধিক্কার মিছিল ও সভা করল তৃণমূল কংগ্রেস। সোমবার রঘুনাথগঞ্জের জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তথা জঙ্গিপুরের সংসদ সদস্য খলিলুর রহমান, সভাধিপতি রুবিয়া সুলতানা, নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম প্রমুখ। পরে রঘুনাথগঞ্জে মিছিলও বের করা হয়। সোমবার ডোমকল মহকুমার বিভিন্ন এলাকাজুড়ে প্রতিবাদ মিছিল সংঘটিত করল তৃণমূল কংগ্রেস। সোমবার ডোমকল, রানিনগর, ইসলামপুর সহ পুরো মহকুমার বিভিন্ন বাজারঘাটে প্রতিবাদ মিছিল হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ