নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, শনিবার থেকে মেদিনীপুর পুরসভা এলাকায় শুরু হচ্ছে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি। আর এই কর্মসূচি ঘিরে উন্মাদনা তুঙ্গে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর শহরের কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই প্রকল্পের সূচনা হবে। এই কর্মসূচিতে ২ নম্বর ওয়ার্ডের ১৫৭, ১৫৮, ১৫৯ বুথ এলাকার মানুষ উপস্থিত থাকবেন। এরপর আগামী ৪ আগস্ট মেদিনীপুর শহরের হবিবপুরের সরস্বতী বিদ্যামন্দিরে এই কর্মসূচি পালন করা হবে। এই শিবিরে ১ নম্বর ওয়ার্ডের ১৪৭, ১৪৮, ১৪৯ বুথ এলাকার মানুষ উপস্থিত থাকবেন। একইসঙ্গে ওইদিন তাঁতিগেড়িয়া হাইস্কুলেও এই কর্মসূচি পালন করা হবে। এই শিবিরে ৪ নম্বর ওয়ার্ডের ২৭৭, ২৮১, ২৮২ বুথ এলাকার মানুষ উপস্থিত থাকবেন।



