নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শক্তিগড়ের আমড়া মৌজায় চাষের জমি যাওয়ার রাস্তায় গর্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই জায়গাটি এক ব্যক্তি প্রাচীর দিয়ে ঘেরার পরিকল্পনা করেছেন। সেখানে তিনি রিসর্ট বা অন্য কিছু করতে পারেন। প্রাচীর দেওয়ার জন্য তিনি গর্ত তৈরি করেছেন। প্রাচীর তৈরি হলে এলাকার কয়েকশো চাষি সমস্যায় পড়বেন। আমড়া মৌজার জিটি রোডের উত্তর দিকে কয়েকশো বিঘা চাষের জমি রয়েছে। ওই রাস্তা ধরেই চাষিরা মাঠে যান। বিষয়টি জানিয়ে এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। এলাকার চাষি জিয়াউল হক মণ্ডল, আহমেদ মণ্ডল বলেন, বহু বছর ধরে চাষিরাও ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন। ওই রাস্তাটি বন্ধ হয়ে গেলে মাঠে যাওয়া দায় হয়ে উঠবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, চাষিরা বিষয়টি লিখিতভাবে জানালে পদক্ষেপ নেওয়া হবে। কৃষকরা সমস্যায় পড়ে এমন কোন কাজ কেউ করতে পারবেন না।