সংবাদদাতা, ধূপগুড়ি: আলুর খেতে হানা দিচ্ছে হাতির দল। এরফলে মাথায় হাত পড়েছে ধূপগুড়ি সাকোয়াঝোরা-২ নং গ্রাম পঞ্চায়েতের আলুচাষিদের। পার্শ্ববর্তী খুট্টিমারি জঙ্গল থেকে হাতির দল এসে সোনাকালী, দেওমালী, মল্লিকসভা এলাকার আলু খেতে হামলা চালাচ্ছে। এখনও আলু না হলেও, খেত নষ্ট করছে হাতি। দলবেঁধে পাহারা দিচ্ছেন কৃষকরা। এলাকার কৃষক উত্তম রায়, রতন রায়’রা বলেন, আগে হাতির দল রাতে আসত। এখন দিনেও হানা দিচ্ছে। মোরাঘাটের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার বলেন, খবর আসলেই আমরা হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দিই।



