সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, মঙ্গলবার ময়নাগুড়ি বাজারে অভিযানে নামবে ব্লক প্রশাসন। সোমবার এ কথা জানালেন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। কিছুদিন ধরে শহরে আলুর দাম বৃদ্ধির অভিযোগ উঠেছে। ময়নাগুড়ি বাজারে ৪০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। ব্যবসায়ীদের অভিযোগ, মহাজনদের থেকে তাঁরা বেশি দামে আলু কিনছেন। এদিকে ক্রেতারা চাইছেন, প্রশাসন ফের একবার ময়দানে নামুক। ময়নাগুড়ি নতুনবাজার সব্জি ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন রায় স্বীকার করেছেন, আলু চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মহাজনের ঘর থেকে ১৭০০ টাকা বস্তা হিসেবে আলু নিতে হচ্ছে। এক বস্তায় ৫০ কেজি আলু থাকে। তাই এই দামে বিক্রি হচ্ছে। বিডিও বলেন, সকাল থেকেই আমাদের অভিযান চলবে। মহাজন এবং খুচরো ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে।



