‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে তাঁদের অভিনয় দেখেছিলেন দর্শক। শাহরুখ খান ও আলিয়া ভাটের ফের জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছিল ম্যাডক ফিল্মস-এর হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ‘চামুণ্ডা’য়। বিগ বাজেটের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য অফার গিয়েছিল শাহরুখ খানের কাছে। তবে সেই প্রস্তাব নাকচ করে দিলেন কিং খান। ২০১৮ সালের পর ২০২৩। পাঁচ বছরের বিরতির পর কামব্যাক করেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’— এই তিন ছবির মাধ্যমে বক্স অফিসে ঝড় তুলেছিলেন শাহরুখ। চলছে ‘কিং’ ছবির কাজ। শাহরুখ যে ছবির গল্প ও নিজের চরিত্র নিয়ে ভীষণ সচেতন, তা স্পষ্ট। তাই আলিয়ার ছবিটি নাকচ করলেন তিনি। আনকোরা নতুন কোনও বিষয়ে কাজ করতে তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে কোনও ফ্র্যাঞ্চাইজির অংশ হতে রাজি নন ‘বাদশা’।



