Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার জেলায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যোগ্য ৯০ হাজার

আলিপুরদুয়ার জেলায় ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যোগ্য ৯০ হাজার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আলিপুরদুয়ারে যোগ্য ৯০হাজার। তালিকা থেকে বাদ গিয়েছে ১৪হাজার নাম। এই তালিকা নিয়ে ১৪ এবং ১৫ ডিসেম্বর দু’দিন গ্রামসভা বসে। আলিপুরদুয়ারে ৬৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রামসভার পর সোমবার ছ’টি ব্লকে ব্লকসভা হয়েছে। আজ, মঙ্গলবার ডিস্ট্রিক্ট লেবেল কমিটিতে এই তালিকা নিয়ে ফের আরও একদফা চূড়ান্ত সুপার চেকিং হবে। প্রশাসন জানিয়েছে, তারপরই রাজ্যে এই তালিকা পাঠানো হবে। যোগ্য ৯০ হাজারের মধ্যে আলিপুরদুয়ারের জেলার কোটা ঠিক করা হবে রাজ্য থেকে। 
Advertisement
এই ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) সূবর্ণ রায় বলেন, আলিপুরদুয়ারে আবাসের তালিকায় যোগ্যদের সংখ্যা ৯০ হাজার। তালিকা নিয়ে গ্রামসভার বৈঠক শেষ হয়েছে। সোমবার শেষ হয়েছে ছ’টি ব্লকের ব্লকসভাও। মঙ্গলবার ডিস্ট্রিক্ট লেবেল কমিটিতে আলোচনার পর রাজ্য এই তালিকা পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার জেলায় আবাসের কোটা কত হবে এবার তা রাজ্যই ঠিক করে দেবে। 
সমীক্ষার পর সব ধরনের অনিয়ম এড়াতে আলিপুরদুয়ারে আবাসের চার ধরনের তালিকা তৈরি করেছিল প্রশাসন। যোগ্য ও অযোগ্যদের তালিকার পাশাপাশি যাঁদের শেষ মুহুর্তে কাগজপত্র যাচাই করার কাজ চলছিল, তাঁদের তালিকাও তৈরি হয়। 
জেলা প্রশাসন সমস্ত নিয়ম কঠোরভাবে মনিটরিং করায় আবাসের তালিকা নিয়ে আলিপুরদুয়ারে এখনও বিতর্ক মাথাচারা দেয়নি। বিতর্ক এড়াতে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রমেশ ওরাওঁ এবং মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্রনাথ রাভা সহ শাসক দলের অনেক জনপ্রতিনিধি আবাসের তালিকায় থাকা তাঁদের বাড়ির সদস্যদের নাম তুলে নেন। ফলে বিরোধীরা আবাসের তালিকা নিয়ে শাসকদলের বিরুদ্ধে মাঠে নামতে পারেনি। 
এবার রাজ্য আলিপুরদুয়ার জেলায় প্রথম দফায় আবাসের কত কোটা দেয় সেটাই দেখার। আবাসের তালিকায় থাকা যোগ্যরা সবাই প্রথম দফায় টাকা পাওয়ার আশায় বুক বাঁধছেন। এদিকে, আবেদন করেও যাঁদের আর খোঁজ মেলেনি, এলাকায় তাঁদের আর পরে ধর্তব্যের মধ্যেই আনেনি প্রশাসন।
১ ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার জেলায় আবাসের তালিকার সমীক্ষার কাজ শুরু হয়েছিল। সমীক্ষা শেষ হয় ৫ তারিখ। তারপর তালিকার সুপার চেকিং করা হয়। সুপার চেকিং শেষে জেলাশাসকের দপ্তর ডুয়ার্সকন্যা ও বিডিও অফিগুলিতে আবাসের যোগ্যদের তালিকা টাঙিয়ে দিয়েছে। সেই তালিকা আপলোড করা হয়েছে জেলা প্রশাসনের ওয়েবসাইটেও।
তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, আবাসের তালিকা চূড়ান্ত করেছে জেলা প্রশাসন। প্রকৃত যোগ্যরা তালিকায় জায়গা পেয়েছেন। তার জন্য প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। নিজেদের বাড়ির সদস্যদের নাম কেটে দিয়েছে আমাদের দলের বেশ কয়েক জন প্রতিনিধিও। ফলে আবাসের তালিকা নিয়ে বিরোধীরা হট্টগোল করার সুযোগ পায়নি।  
সম্পর্কিত সংবাদ