Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের প্রথম চেয়ারম্যান অলোককুমার গোয়েল

ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের প্রথম চেয়ারম্যান অলোককুমার গোয়েল
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সদ্য আত্মপ্রকাশ করা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের প্রথম চেয়ারম্যান হলেন অলোককুমার গোয়েল। ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে তাঁর তিন দশকের বেশি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। যা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন ব্যাঙ্কের কর্মী থেকে আধিকারিকরা। 

Advertisement

উল্লেখ্য, গত ১ মে রাজ্যের তিনটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক তথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক(বিজিভিবি), পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক(পিবিজিবি) এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ককে(ইউবিকেজিবি) নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্পনসরশিপে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে সফলভাবে একত্রীকরণ করা হয়েছে। তা ‘ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক’ নামে আত্মপ্রকাশ করেছে।
কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের উদ্যোগে রাজ্যজুড়ে কর্মদক্ষতা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য ‘এক রাজ্য, এক আরআরবি’ নীতি কার্যকর করতেই তিনটি আরআরবিকে সংযুক্ত করা হয়েছে। নতুন ব্যাঙ্কের সদর দপ্তর কলকাতায়। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এখন থেকে এই রাজ্যের ২২টি জেলায় ৯৬০টি শাখা, ১৮টি আঞ্চলিক অফিস ও ৪৪২১টি বিসি আউটলেটের মাধ্যমে পরিষেবা প্রদান করবে। চেয়ারম্যান অলোককুমার গোয়েলের নেতৃত্বে ব্যাঙ্কের আরও শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করা হচ্ছে।
তিনি এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ থেকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে তিনি গ্রামীণ ব্যাঙ্কিং পরিচালনায় ব্যতিক্রমী ভূমিকা রেখেছিলেন। এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার হিসেবে তাঁর কাজ নজর কাড়ে। 
ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক প্রথম থেকেই ডিজিটাল ব্যাঙ্কিং, সাধারণ মানুষের পরিষেবা বৃদ্ধি এবং কৃষি ও ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে।

সম্পর্কিত সংবাদ