সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের আলিনগর স্টেশন রোডে রেল ক্রসিংয়ে ওভারব্রিজের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। আলিনগর স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটির উদ্যোগে শনিবার বিকেলে আলুয়াবাড়ি রোডে অবস্থান বিক্ষোভ হয়। অরাজনৈতিক এই সংগঠনের ডাকে অবস্থানে শামিল হন বিভিন্ন স্তরের মানুষ। পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী, তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার, ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কানাইয়ালাল বলেন, পুরসভার পক্ষ থেকেও ওভারব্রিজের দাবি জানানো হয়েছিল। এবার একটি ডিমান্ড কমিটি ওভার ব্রিজের দাবিতে সরব হয়েছে।
Advertisement
বিক্ষুব্ধরা জানান, আলিনগর, হুসেনপুর, লোকনাথ নগর, খেরবাড়ি সহ সংলগ্ন বিহার থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষ রেল ক্রসিং পেরিয়ে শহরে যাওয়া আসা করেন। ঘন ঘন রেলগেট বন্ধ হওয়াতে যানজট হয়। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। এখানে ওভার ব্রিজ হওয়া খুব জরুরি। আলিনগর স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটির সম্পাদক আবদুর রহমান বলেন, দু’ঘণ্টা অবস্থানের পর স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে আমরা ডিআরএম থেকে জিএম পর্যন্ত দাবি জানিয়েছিলাম। কোনও উত্তর পাওয়া যায়নি। দাবি পূরণ না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। - নিজস্ব চিত্র



