Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাদ্দ সেদ্ধ, পরিবর্তে দেওয়া হচ্ছে আতপ চাল, বিক্ষোভ

চলতি মাসে রেশনে বণ্টনের জন্য রাজ্যের তরফে বরাদ্দ করা হয়েছে সেদ্ধ চাল। কিন্তু দুয়ারে রেশনের ক্যাম্পে আতপ চাল দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়লেন এক রেশন ডিলার।

বরাদ্দ সেদ্ধ, পরিবর্তে দেওয়া হচ্ছে আতপ চাল, বিক্ষোভ
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চলতি মাসে রেশনে বণ্টনের জন্য রাজ্যের তরফে বরাদ্দ করা হয়েছে সেদ্ধ চাল। কিন্তু দুয়ারে রেশনের ক্যাম্পে আতপ চাল দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়লেন এক রেশন ডিলার। বৃহস্পতিবার জলপাইগুড়ির দেবনগর রথখোলা এলাকায় এ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। 

Advertisement

ওই ডিলারের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজ্য সরকারের তরফে রেশনে আটা বরাদ্দ করা হলেও, গ্রাহকদের তা দিচ্ছিলেন না তিনি। কেন আটা দেওয়া হচ্ছে না, সে ব্যাপারে জানতে চাইলে কয়েকজন গ্রাহকের হাতে এদিন ‘ডিউ স্লিপ’ ধরিয়ে দিয়ে একসপ্তাহ পর দোকানে যোগাযোগ করতে বলা হয়। এনিয়ে প্রতিবাদে সরব হন রেশন গ্রাহকরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্যদপ্তরের এক ইন্সপেক্টর। গ্রাহকদের অভিযোগ যে সত্যি তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, এমাসে রেশনে সেদ্ধ চাল দেওয়ার কথা। ওই ডিলার আতপ দিচ্ছিলেন। তাছাড়া আটা ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
অভিযুক্ত রেশন ডিলার স্বরাজকুমার ঘোষের অবশ্য দাবি, আমি অসুস্থ থাকায় ভাইয়ের স্ত্রী রেশন দোকানের দেখভাল করছিলেন। হয়তো কোনও সাময়িক সমস্যা হয়েছে। গ্রাহকদের কথা দিচ্ছি, এবার থেকে নিজে বিষয়টি দেখব। আর সমস্যা হবে না। ডিলারের হয়ে এদিন যিনি রেশন দিচ্ছিলেন, সেই গৌরী ঘোষের দাবি, কোনও অনিয়ম হয়নি। সেদ্ধ চাল বাড়িতে ছিল। পরে নিয়ে আসা হয়েছে। আটা দোকান থেকে দেওয়া হবে বলে জানানো হয়।
রেশন ডিলার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক নীলমণি লাহিড়ি বলেন, বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। তবে আমাদের অবস্থান স্পষ্ট, সরকারি বরাদ্দ অনুযায়ী যদি কোনও ডিলার রেশন না দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ডিলারের পাশে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। 
জলপাইগুড়ি মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস গায়েন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রেশন সামগ্রী বণ্টনে অনিয়ম হয়ে থাকলে ওই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গ্রাহকদের অভিযোগ, স্বরাজকুমার ঘোষ রেশন ডিলার হলেও তিনি রেশন দেন না। তাঁর ভাইয়ের স্ত্রী গৌরী ঘোষ দোকানটি চালান। অনেকদিন ধরেই ঠিকমতো রেশন মিলছে না। রাজ্য সরকারের তরফে যে রেশন বরাদ্দ করা হয়, তা গ্রাহকদের না দিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা বিপুল সাহা বলেন, এদিন মাত্র আড়াই বস্তা আতপ চাল নিয়ে দুয়ারে রেশন দিতে এসেছিলেন গৌরী ঘোষ নামে ওই মহিলা। আমাদের কাছে খবর ছিল, এমাসে রেশনে সেদ্ধ চাল বরাদ্দ হয়েছে। সেক্ষেত্রে আতপ চাল দেওয়া হচ্ছে, তা জানতে চাই আমরা। তখন আমাদের বলা হয়, আতপ চালই নিতে হবে। নিতে হলে নিন, না হলে ফিরে যান। সেদ্ধ চাল ও আটা পেতে ডিউ স্লিপ নিতে হবে। একসপ্তাহ পর দোকান থেকে দেওয়া হবে। এরপরই আমরা খাদ্যদপ্তরে খবর দিই।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ