অখিলেশের সঙ্গে জোট-জটিলতা, কংগ্রেসের ভাবনায় মায়াবতী? জল্পনা
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: অখিলেশ যাদবের সাইকেল ছেড়ে কি মায়াবতীর হাতির পিঠে হাত রাখবে কংগ্রেস? সমাজবাদী পার্টির সঙ্গে জোট-জটিলতার আবহে দানা বাঁধছে নয়া জল্পনা। কারণ, আসন সমঝোতা নিয়ে অখিলেশের ‘একরোখা’ অবস্থানে বেদম ক্ষুব্ধ উত্তরপ্রদেশ কংগ্রেসের একটা অংশ। নিয়ম করে সুর চড়াচ্ছেন দলের কার্যকরি সভাপতি ইমরান মাসুদ। জোট আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার মন্তব্য করেছেন, ‘কংগ্রেস ভিক্ষা চায় না!’ সেজন্য সাহরানপুরের এই সাংসদকে কড়া ধমকও দিয়েছেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাতেও যে কাজ বিশেষ হয়নি, প্রমাণ মিলল শুক্রবার। হাইকমান্ডকে মাসুদ ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, অখিলেশ যাদবের কাছে ‘আত্মসমর্পণে’ নারাজ প্রদেশ কংগ্রেসের বড়ো অংশই। ফের সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমরা ২০১৭ সালে ১০৭টি আসনে লড়েছিলাম। আসন রফা নিয়ে সমাজবার্দী পার্টির প্রস্তাব সম্মানজনক ও গ্রহণযোগ্য হতে হবে। নয়তো কংগ্রেস তা মানবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে আপস করা হবে না।’ তাহলে কি কংগ্রেস একা লড়বে? নাকি বিকল্প কোনো ভাবনা ঘুরপাক খাচ্ছে? উত্তর এখনও স্পষ্ট নয়। তবে, ইঙ্গিত দিতে ছাড়েননি ইমরান। এক সাক্ষাৎকারে মায়াবতীর নাম ভাসিয়ে দেন সাহারানপুরের এই কংগ্রেস সাংসদ। বলেন, ‘একা লড়ার ভাবনা ছেড়ে জোট গঠনে উদ্যোগী হওয়া উচিত বিএসপি সুপ্রিমোর।’ সেই জোটে কংগ্রেসের যোগদানের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ইমরানের মতে, ‘জোট গঠনে বহেনজিকেই সক্রিয় হতে হবে।’ তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিন দশক আগে ১৯৯৬ সালের ভোটে বিএসপির সঙ্গে জোট গড়ে লড়েছিল কংগ্রেস। মায়ার দলের সঙ্গে জোট ফর্মুলার অঙ্গ হিসাবে ১২৬টি আসনে প্রার্থী দিয়েছিল হাত শিবির। আর রাজনীতি যে সম্ভাবনার খেলা, তা কে না জানে! আসন রফা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই এদিন অখিলেশ যাদব বলেছেন, সমাধান সূত্রের খোঁজে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসা হবে। জয়ের সম্ভাবনার নিরিখেই আসন ভাগাভাগি হবে। অর্থাৎ কংগ্রেসের জন্য আসন ‘হরির লুটে’ নারাজ তিনি। ফলে, সমাধান সূত্র অধরা থাকলে কি মায়াবতীই বিকল্প ভাবনা কংগ্রেসের? বাড়ছে জল্পনা। 

Advertisement