সংবাদদাতা, ইটাহার: ভিবি জি রাম-জি প্রকল্পে শ্রমিকদের দিয়ে মাটি কাটার কাজ করানোর পরিবর্তে আর্থমুভার ব্যবহারের অভিযোগ ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রধান মাধবী রায় বর্মনের অভিযোগ, তাঁকে না জানিয়ে নির্মাণ সহায়ক ও সুপারভাইজারের মদতে রাতের অন্ধকারে আর্থমুভার দিয়ে মাটি কাটার কাজ চলছে। তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশ্লিষ্ট সরকারি কর্মীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়ে ইটাহারের বিডিও’র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান।
নির্মাণ সহায়ক অমিত বিশ্বাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, প্রধানের সংসদে কীভাবে আর্থমুভার দিয়ে মাটি কাটার কাজ হচ্ছে সেটা তিনিই বলতে পারবেন। বিডিও মৃগাঙ্কশেখর দাস বলেছেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পতিরাজপুতের তালটুঙ্গী সংসদের পাথরঘাটায় ভিবি জি রাম-জি প্রকল্পে শিশু উদ্যান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইটাহার ব্লক প্রশাসনের নির্দেশে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কয়েক একর সরকারি জমি সমান করে শিশু উদ্যান তৈরির উপযুক্ত করে তোলার জন্য প্রায় ৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই সংসদেই বাড়ি পঞ্চায়েত প্রধানের। এদিকে আবার আদালতের নির্দেশে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধান পদে বহাল রয়েছেন তিনি।
প্রধানের দাবি, তাঁকে কিছু না জানিয়ে নির্মাণ সহায়কের নির্দেশে শ্রমিকদের পরিবর্তে আর্থমুভার দিয়ে মাটি কাটার কাজ চলছে। শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যেখানে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের কথা বলা হয়েছে, সেখানে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যন্ত্রের সাহায্যে কেন কাজ করানো হচ্ছে? মাধবীর সংযোজন, আদালতের নির্দেশে আমি ৩ ডিসেম্বর পর্যন্ত প্রধান পদে রয়েছি। ফলে আমাকে ফাঁসাতে আমার নিজের সংসদে রাতের অন্ধকারে এই কাজ করানো হচ্ছে নির্মাণ সহায়কের মদতে।



