Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পণের দাবিতে অত্যাচার, কিশোরী বধূকে খুনের অভিযোগ হাড়োয়ায়

পণ না দেওয়ায় চাপ দেওয়া হচ্ছিল নাবালিকা গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের।

পণের দাবিতে অত্যাচার, কিশোরী বধূকে খুনের অভিযোগ হাড়োয়ায়
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: পণ না দেওয়ায় চাপ দেওয়া হচ্ছিল নাবালিকা গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের। শেষপর্যন্ত নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, মৃতার নাম তানজিলা খাতুন (১৭)। হাড়োয়া থানায় স্বামী আজহারউদ্দিন মোল্লা সহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজহারউদ্দিন হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের বারোমেসিয়া গ্রামের বাসিন্দা। কয়েক বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্কুল পড়ুয়া তানজিলা খাতুনের। তানজিলার বাড়ি একই থানা এলাকায়। এই কিশোরীর বাড়ির অভিযোগ, মাস চারেক আগে তানজিলাকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় আজহার। পরে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর দুই পরিবারের মধ্যে আলোচনার পর বিয়ের দিন স্থির হয়। সেইমতো মাস তিনেক আগে তাদের বিয়ে হয়েছিল। কিশোরীর পরিবারের বক্তব্য ছিল, মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত তাকে তাঁরা শ্বশুরবাড়িতে পাঠাবেন না। বাপের বাড়িতে থেকেই পড়াশোনা করবে। তবে ঈদের দিনকয়েক আগে জোরাজুরি করে আজহারউদ্দিন তানজিলাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বলে গিয়েছিল, দিন দুয়েক বাদে ফিরিয়ে দিয়ে যাব। তাঁদের অভিযোগ, মেয়েকে ফেরানো তো দূরের কথা, উল্টে আজহারের পরিবার দু’লক্ষ টাকা পণের দাবি জানিয়ে তার উপর অত্যাচার শুরু করে।

Advertisement

তানজিলার বাপের বাড়ির লোকজন বিষয়টি জানার পর মেয়ের শ্বশুরবাড়িকে আশ্বাস দিয়ে বলেছিলেন, আগে মেয়েকে ফিরিয়ে দিতে হবে। তানজিলা সাবালিকা হলে শ্বশুরবাড়ি পাঠানোর সময় ওই টাকা দেওয়া হবে। যদিও সে কথায় চিঁড়ে ভেজেনি। সোমবার ভোরে তানজিলার বাপের বাড়িতে ফোন করে জানানো হয়, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মৃতার মামী রেজানা বিবি বলেন, আমরা খবর পেয়ে ভোরেই ওদের বাড়িতে যাই। দেখি, খাটের উপর দেহ শোয়ানো রয়েছে। গলায় কালো দাগ। আমরা নিশ্চিত, দাবি মতো টাকা না পাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ওর উপর অত্যাচার করে খুন করেছে। জামাই সহ পরিবারের পাঁচজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ওদের কঠোর সাজা চাই।

Advertisement
সম্পর্কিত সংবাদ