শহরের বাজি বাজার ‘দখলের’ অভিযোগ! আজ প্রশাসনের সঙ্গে বৈঠক উদ্যোক্তাদের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো-দীপাবলির প্রাক্কালে বাজি বাজার নিয়ে নতুন ধরনের সমস্যা দেখা দিয়েছে। বাজার উদ্যোক্তাদের অভিযোগ, বাজি নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, এমন ব্যক্তিরা বাজার ‘দখল’ করতে এগিয়ে আসছেন। আজ, বুধবার পুলিশ ট্রেনিং স্কুলে বাজি উদ্যোক্তারা পুলিশ সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে অন্যান্য বছরের মতো এই বছরও কলকাতার শহিদ মিনার, বেহালা, কালিকাপুর ও টালায় বাজি বাজার বসবে। ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাজি বাজার বসার কথা রয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, দুর্গাপুজোর সময় চোরবাগানের ঘটনা ঘটায় বাজি বাজার নিয়ে অত্যন্ত সাবধানী তাঁরা। অন্যান্য বছরের তুলনায় নিরাপত্তা সংক্রান্ত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছেন তাঁরা। 

Advertisement

এ বছর রাজ্যের বিভিন্ন জায়গায় এইসব বাজি বাজার ‘দখল’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ। টালায় বাজি বাজারের উদ্যোক্তা পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সম্পাদক আইনজীবী শুভঙ্কর মান্না বলেন, ‘কোনো বাণিজ্যিক অরাজনৈতিক রেজিস্টার্ড সংগঠনকে দখল করার চেষ্টা কখনোই সমর্থনযোগ্য নয়।’ এদিকে শহিদ মিনার বাজি বাজারের উদ্যোক্তা বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তনু দত্ত বলছিলেন, ‘আমরা এখানে বহু বছর ধরে বাজি বাজারের আয়োজন করছি। এবার শুনলাম, আমাদের আগে কেউ একজন অনুমতি চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। আমাদের বক্তব্য, অনভিজ্ঞ কেউ যেন বাজি বাজারে না চলে আসেন। আর পাঁচটা বাজারের থেকে এই বাজি বাজার অনেকটাই আলাদা। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’