সংবাদদাতা, কান্দি: স্থান বদলের পর পুকুর ভরাট করে রাস্তা তৈরির চেষ্টার অভিযোগ ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। ঘটনাটি ভরতপুর ১ ব্লকের মাশুন্দি গ্রামের। এর জন্য ফেলা হয়েছে বালি ও পাথর। এমনকী মাটির কাজও সামান্য হয়েছে। এরপরেই বাসিন্দারা আপত্তি জানালে সাময়িকভাবে কাজ থমকে যায়। ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগও করা হয়েছে।
ভরতপুর ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১২ মার্চ ওই রাস্তার টেন্ডার প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে মাশুন্দি গ্রামের লাডু শেখের বাড়ি থেকে ল’পুকুর পর্যন্ত ওই ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। এরজন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৪৩৯ টাকা। পরবর্তীতে সংশ্লিষ্ট ঠিকাদারকে এর ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে। এরপর কয়েকদিন আগে শুরু হয় রাস্তা তৈরির কাজ। কিন্তু এরপরেই বাসিন্দারা রাস্তা তৈরিতে আপত্তি জানান। বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি যে জায়গায় করার কথা ছিল সেখানে ইতিমধ্যেই একটি ঢালাই রাস্তা রয়েছে। এরপর পঞ্চায়েত সমিতির সদস্যরা ও ঠিকাদার কোথাও কোন অনুমতি না নিয়ে স্থান বদল করে ওই রাস্তা তৈরি করছেন। নতুন রাস্তা তৈরি হলে পঞ্চায়েত সমিতির এক সদস্যের ঘনিষ্ঠ ব্যক্তিই কেবল উপকৃত হবেন। তাছাড়া একটি পুকুরের সামান্য অংশ বুজিয়ে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এনিয়ে সম্প্রতি স্থানীয় বিডিও, বিএলএলআরও, জেলাশাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দা মুরসেলিম শেখ, ইলিয়াস শেখ প্রমুখ জানিয়েছেন, এই রাস্তা তৈরি হলে পাড়ার অন্তত ২০টি পরিবারের উপকার হবে।
অভিযোগকারী অবসরপ্রাপ্ত একটি হাই মাদ্রাসার শিক্ষক আমিরুল ইসলাম বলেন, এই অন্যায় কাজের ফলে গ্রামীণ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। একটি জলাশয় ধ্বংস হয়ে যাচ্ছে ও সরকারি অর্থের অপব্যবহার ঘটছে। আমরা চাই প্রশাসন কাজ বন্ধ করে পুকুরের পূর্বের অবস্থা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুক।
এই ঘটনায় ভরতপুর ১ বিএলএলআরও আনন্দমোহন মাইতিকে কল করা হলে তিনি রিসিভ করেননি। ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সলমা সুলতানা জানিয়েছেন, সোমবার অফিস গিয়ে এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। তবে ভরতপুর ১ বিডিও দাওয়া শেরপা বলেন, এমন ঘটনায় অনেক ক্ষেত্রে বাসিন্দাদের আপত্তি বা অসুবিধা হলে অভিযোগ জমা পড়ে। সেক্ষেত্রে বাসিন্দারা তাঁদের পঞ্চায়েত সদস্যের মাধ্যমে কোনও বিকল্প ব্যবস্থার আবেদন করতে পারেন। তবে সোমবার ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র