ভুয়ো নথি দিয়ে ব্যাংক ঋণ, কলেজে  অনুদানের টাকা হাতানোর অভিযোগ, গ্রেপ্তার বহিষ্কৃত সিপিএম নেতা সহ ২
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিজে নেওয়া সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে রিজেন্ট পার্ক এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই কলেজের সম্পাদক তথা টালিগঞ্জ এলাকায় সিপিএমের এক সময়ের দাপুটে নেতা গৌতম বন্দোপাধ্যায় ও কলেজের কোষাধ্যক্ষ পার্থ প্রতিম দাসকে শুক্রবার রাতে গ্রেপ্তার করল লালবাজার। গৌতম ও পার্থপ্রতিমকে ২০২৩ সালে বহিষ্কার করেছে সিপিএম। ভুয়ো নথি তৈরির পাশাপাশি সরকারি অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগও রয়েছে সিপিএম থেকে বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে। এই টাকা গৌতম বাবুর অ্যাকাউন্টে ঢুকেছে বলে দাবি করেছে লালবাজার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজটি সরকারি থেকে মেলা লিজের জমিতে তৈরি হয়। এই কলেজের মাথায় ছিলেন গৌতমবাবু। অভিযোগ, চলতি বছরে কলেজ কর্তৃপক্ষ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও একটি এনবিএফসি থেকে ১৮ কোটি টাকা ঋণ নেয়। ঋণ নেওয়ার সময় ওই জমি কলেজের বলে দেখানো হয়। এরজন্য গৌতমবাবু ও তাঁর দুই সঙ্গী জাল নথি তৈরি করেন বলে অভিযোগ। সরকারি নথি জাল করে ব্যাংকে জমা দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল, সরকার তাদের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) দিয়েছে। কিন্তু কিস্তির টাকা জমা না পড়ায় জমা রাখা নথি নিয়ে ব্যাংক অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করে। সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তারা। জানা যায়, এই জমি সরকারের। ঋণ নেওয়ার জন্য কোন অনুমতি সরকার দেয়নি। এরপরেই ব্যাংকের তরফে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ করেন। জালিয়াতি প্রতারণার কেস রুজু  হয়। পরে তদন্ত ভার নেয় লালবাজার। 
তদন্তে উঠে আসে, সরকারি নথি জাল করা হয়েছে। কোনো এনওসি নেওয়া হয় নি। এই জালিয়াতির মূল মাথা গৌতম বাবু এবং তার দুই সহযোগী। এমনকি কলেজের ছাত্র-ছাত্রীদের টিউশন ফি, এমপি অনুদানের টাকাও নয়ছয় করা হয়েছে। অভিযুক্তদের অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ টাকা ঢুকেছে। 
তদন্তে জানা যায়, জালিয়াতির অর্থ এখানে এসেছে। সমস্ত তথ্য প্রমাণ হাতে আসার পরই শুক্রবার রাতে গৌতম বাবু এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে লালবাজার। শনিবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, অভিযুক্তরা প্রতারণা ও জালিয়াতির সঙ্গে যুক্ত। তাঁদের জেরা করে ব্যাংক  প্রতারণার টাকা কোথায় গিয়েছে, জানতে হবে। সওয়াল শেষে তাঁদের পুলিশি হেপাজতে পাঠায় আদালত।