একজনের জবকার্ড দিয়ে অন্যকে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ, পঞ্চায়েতের তৃণমূল সদস্যাকে নিয়ে শোরগোল
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: জবকার্ডে থাকা নম্বর সাদা কালি দিয়ে ঢেকে অন্য ব্যক্তিকে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের আঙুল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যা ও সুপারভাইজারের দিকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল ২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের হারোহাজরা গ্রামে। ব্লক প্রশাসনের পাশাপাশি বৃহস্পতিবার চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বঞ্চিত জবকার্ডধারী। একশো দিনের কাজের জন্য নিজের জবকার্ড তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নিলুফা বিবির কাছে জমা রেখেছিলেন গ্রামের বাসিন্দা এনামুল হক। কয়েক মাস আগে আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে গিয়ে কার্যত আকাশ থেকে পড়েন তিনি। জানতে পারেন, তাঁর জবকার্ড নম্বর ব্যবহার করে অন্য এক ব্যক্তি আবাস যোজনার সুবিধা পেয়েছেন। এনামুলের দাবি, তিনি নিজে কোনোদিনই ওই প্রকল্পের ঘর পাননি।

Advertisement

ব্লক প্রশাসনের দ্বারস্থ হলে তিনি জানতে পারেন, ওই গ্রামেরই বাসিন্দা মাজেদা আবাস যোজনার সুবিধা পেয়েছেন। এরপরই জবকার্ডের নম্বর কীভাবে অন্যের ক্ষেত্রে ব্যবহার হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন এনামুল। তাঁর অভিযোগ, পঞ্চায়েত সদস্যা ও সংশ্লিষ্ট সুপারভাইজারের যোগসাজশেই এই অনিয়ম ঘটেছে। এনামুলের ছেলে মাসিদুর রহমান বলেন, পঞ্চায়েত সদস্যা ও সুপারভাইজার আমান শেখের ইন্ধনেই বাবার জবকার্ড ব্যবহার করে অন্য একজনকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যদিও সুপারভাইজার আমান শেখ অভিযোগ প্রসঙ্গে কিছুই জানেন না বলে দাবি করেছেন। 
তিনি বলেন, কাউকে ঘর পাইয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। চাঁচল ২ এর বিডিও শান্তনু চক্রবর্তী বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা নিলুফা বলেন, মাজেদা যখন আবাস যোজনার সুবিধা পেয়েছিলেন, তখন আমি পঞ্চায়েত সদস্যা ছিলাম না। ঘটনার সঙ্গে আমার কোনো যোগ নেই।