নিজস্ব প্রতিনিধি সিউড়ি: শুক্রবার দুবরাজপুরের গোকরুল এলাকায় একটি পাম্পে ভেজাল পেট্রল বিক্রির অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, এদিন একাধিক বাইক আরোহী রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি পাম্প থেকে পেট্রল নেন। এরপরই আচমকাই তাঁদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। কয়েকজন বাইক নিয়ে গ্যারেজে যান। সেসময়ই বিষয়টি নজরে আসে। ঘটনায় একাংশ গ্রাহক ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে সেখানে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিস। পাম্প কর্তৃপক্ষ ওই গ্রাহকদের টাকা ফিরিয়ে দেয়। পরে মালিকপক্ষ পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেয়। এক গ্রাহক জয়দেব স্বর্ণকার বলেন, জলের মতো পেট্রল দিয়েছে। মনে হচ্ছে কোনও কেমিক্যাল মেশানো আছে। অভিযোগ অস্বীকার করে পাম্প মালিক অজয় চট্টোপাধ্যায় বলেন, পেট্রলে কোনও প্রকার জল নেই। তবে ইথানল ও পেট্রল আলাদাভাবে দেখা যাচ্ছে। কেন এমন হল বুঝতে পারছি না।



