দুর্গাপুরে প্রসূতিকে শিশুসন্তান না দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: প্রসবযন্ত্রণার পর সন্তানের কান্না শুনেছেন বলে দাবি প্রসূতির। অভিযোগ, সেই সন্তানকে দেখতে দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, মৃত পুত্রসন্তান প্রসব করেছেন। তবে, সেই দেহও পরিবারকে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার জেরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রহস্য দানা বেঁধেছে। সরব হয়েছে প্রসূতির পরিবার। শনিবার হাসপাতালে গিয়ে ঘটনার তদন্তের দাবি তুলেছে বিজেপির মহিলা মোর্চা।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর দিন পুতুল দাস নামে ওই গৃহবধূকে মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। তাঁর অভিযোগ, প্রসবের পর সন্তানের কান্না শুনেছিলেন তিনি। কিন্তু নবজাতককে দেখতে দেওয়া হয়নি। পরিবারের সদস্যদেরও শিশুটির কাছে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। হাসপাতাল থেকে তাঁকে জানানো হয়, মৃত পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বুধবার হাসপাতাল থেকে প্রসূতি ছুটি পেলেও সদ্যোজাত বা তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ। 
শনিবার বিজেপি কর্মীদের সামনে কান্নায় ভেঙে পড়েন পুতুলদেবী। তাঁর অভিযোগ, প্রসবের সময় শিশুর কান্না শুনেছেন তিনি। তাঁর বোন সঙ্গীতা বাউড়ি বলেন, বারবার শিশুটিকে দেখাতে বলা হলেও কর্ণপাত করা হয়নি। উলটে পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজেপির মহিলা মোর্চার সদস্য চৈতালী নায়ক জানান, ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ জানানো হবে। পরিবারের হাতে সন্তানের দেহ তুলে দেওয়ার দাবিও তোলেন তাঁরা। হাসপাতাল সুপার ধীমান মণ্ডল বলেন, গত ৮নভেম্বর ওই প্রসূতিকে ভরতি করা হয়েছিল। তাঁর মানসিক সমস্যা রয়েছে। স্বাভাবিক উপায়ে প্রসব করানোর চেষ্টা হলেও পরে সিজার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের সময় শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায়নি। মৃত অবস্থাতেই তার জন্ম হয়েছিল। প্রসবের সময় পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরদিন প্রসূতিকে ওয়ার্ডে স্থানান্তরিত করে ছুটি দেওয়া হয়। মৃত অবস্থায় জন্ম হওয়ায় নিয়ম মেনেই শিশুটিকে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত আবেদন পেলে বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সুপার।