নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: ফের বিতর্কে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দুর্গাপুর বেনাচিতির গুরুদোয়ারা এলাকায় কীর্তনিয়াদের হাতে টাকা তুলে দেন বলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে দুর্গাপুরের রাজনীতি ফের সরগরম। এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক। বিজেপি কর্মীদের একাংশই তাঁর বেনিয়ম নিয়ে প্রকাশ্যে সরব হয়েছে। এবার টাকা বিলির অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, রবিবাসরীয় প্রচারে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছিলেন লক্ষ্মণবাবু। নিশানহাট এলাকায় প্রচার শেষ করে তিনি বেনাচিতি শালবাগান হয়ে গুরুদোয়ারা রোডে প্রচার করছিলেন। সেখানেই একটি বড় ফার্নিচারের দোকানের ভিতরে জনসংযোগে যান। বাইরে কীর্তন করছিলেন কয়েকজন। প্রার্থী দোকান থেকে বেরিয়ে এসে পকেট থেকে টাকা বের করে তাঁদের হাতে দেন বলে অভিযোগ। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একজন কীর্তনিয়ার হাতে ৫০০ টাকার নোটের ছবি স্পষ্ট। টাকা দেওয়ার পরই প্রচারে এগিয়ে যান লক্ষ্মণবাবু। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় শহরজুড়ে।



