রঘুনাথগঞ্জের নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগ
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: বধূর পিত্তথলিতে পাথর রয়েছে। নার্সিংহোমে ভুল অস্ত্রোপচার করা হয়েছে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের গাড়িঘাট সংলগ্ন ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করেন বধূর শ্বশুরবাড়ির লোকজন। যদিও এ বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিক কিছু বলতে চাননি। 

Advertisement

অভিযোগকারিণী রেখা মণ্ডলের দাবি, চার মাস আগে তাঁর বউমার পিত্তথলিতে পাথর রয়েছে ধরা পড়ে। পিত্তথলির পাথর বের করার জন্য ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রথমে মাইক্রো সার্জারির কথা বলা হয়েছিল। কিন্তু,  পরিবারকে না জানিয়েই ওপেন সার্জারি করা হয়। এরপর বউমার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়। সেখানে ফের অস্ত্রোপচার হয়। ওখানে রোগী সুস্থ হলে চিকিৎসক আগের নার্সিংহোমে যোগাযোগ করার পরামর্শ দেন। এরপর রঘুনাথগঞ্জে ফিরিয়ে আনলে ফের অপারেশন করতে হবে বলা হয়। 
এদিকে দু’দুবার অস্ত্রোপচারের পরও রোগী সুস্থ না হওয়ায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। পরিবারের আরও অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের আশ্বাস দিলেও তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। বহরমপুরের ওই নার্সিংহোমেও প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। রোগীর চেকআপের জন্য রঘুনাথগঞ্জের ওই নার্সিংহোমে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর শাশুড়ি রেখা মণ্ডল। রেখাদেবী বলেন, আমরা সাধারণ মানুষ। ওঁরা যা বলছেন তাই করছি। আমার বউমা এখনো সুস্থ হয়নি। দিনদিন বউমার অবস্থা খারাপ হচ্ছে। নার্সিংহোমে এলে ওরা কাগজপত্র ছুড়ে ফেলে দিচ্ছে। লক্ষাধিক টাকার উপর খরচ হয়ে গিয়েছে। বিক্ষোভে উপস্থিত জঙ্গিপুর সংখ্যা লঘু মোর্চার বিজেপি নেতা রাকেশ প্রামাণিক বলেন, চিকিৎসার নামে এভাবে তোলাবাজি চলবে না। নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেনি।