Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার প্রকল্পে স্থানীয়দের কাজ না দেওয়ার অভিযোগ

পানাগড়ে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার প্রকল্পে স্থানীয়দের কাজ না দেওয়ার অভিযোগ
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বৃহস্পতিবার পানাগড় শিল্পতালুকের কোটা গ্রামের কাছে একটি রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার বটলিং প্লান্টের সামনে কারখানায় কাজের দাবি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, আউশগ্রাম-২ ব্লকের আইএনটিটিইউসি সভাপতি ইন্দ্রজিৎ কোনার স্থানীয়দের বঞ্চিত করে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছেন। ফলে স্থানীয় যুবকরা বঞ্চিত হচ্ছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে ইন্দ্রজিৎবাবু বলেন, কোনও বহিরাগত নিয়োগ হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা, গলসি ১ ও আউশগ্রাম ২ ব্লকের কোটা, পোন্ডালি, সোঁয়াই প্রভৃতি এলাকার আটশোর বেশি চাষির ১,৪৬৫ একর জমি নিয়ে ২০০৯-১০ সালে রাজ্যের তৎকালীন বাম সরকার পানাগড়ে শিল্পতালুক গড়ে তোলার কাজ শুরু করে। পরবর্তীতে সে কাজ এগিয়ে নিয়ে যায় তৃণমূল সরকার। কিন্তু এখন কোটা গ্রামের জমিদাতাদের একাংশের অভিযোগ সেই সময় জমি দিলেও এখন কাজ মিলছে না। এদিন বিক্ষুব্ধ প্রতিমা ধীবর বলেন, আমদের জমি গিয়েছে। আমাদের ছেলেদের কাজ চাই। গ্রামের ছেলেদের কাজ দেওয়া হচ্ছে না। অথচ নেতাদের ধরে বাইরের ছেলেরা কাজ করছে। এদিন বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, শাসক দলের নেতাদের ঘনিষ্ঠরা কারখানায় কাজ পাচ্ছে। অথচ জমি দিয়েও গ্রামের সাধারণ যুবকদের কোনও কাজ দেওয়া হচ্ছে না। এদিন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধরা বলেন, উনি কারখানায় কাজে নিয়োগের জন্য লোক রেখেছেন। তারা লোক নিয়ে এসে কারখানায় নিয়োগ করছে। এমনও আছে একটি ঘরে চার-পাঁচজন কাজ করছে। অথচ আমাদের বাড়ির ছেলেরা কাজ পাচ্ছে না। শুধু তাই নয়, এই নিয়ে প্রতিবাদ করলে হুমকি দিচ্ছে। তৃণমূল নেতা সুরজ চট্টোপাধ্যায় বলেন, অর্থ উপার্জনের জন্য শ্রমিক সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎবাবু বাইরের অঞ্চল থেকে ছেলেদের এখানে কাজে নিয়োগ করছেন। বলা হচ্ছে ওরা আইটিআই করেছে। আমাদের গ্রামের ছেলেরাও আইটিআই করেছে। অনেকে মাধ্যমিক পাস করে কাজ করছে। আমরা চাই গ্রামের ছেলেদের সুষ্ঠুভাবে কর্মসংস্থান হোক। ওনাকে বরখাস্ত করা হোক। বিষয়টি নিয়ে ইন্দ্রজিৎবাবু অভিযোগ করে বলেন, এই এলাকার ছেলেরাই কারখানায় কাজ করছে। টাকার বিনিময়ে ওরা নিজেরা নিয়োগ করতে চাইছে। ওদের ব্যক্তিগত স্বার্থ আছে। দলকে লিখিত ভাবে জানাবো।তবে এদিনের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম হয়। পরে বুদবুদ থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এইবিষয়ে কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, স্থানীয়দের কাজের দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কাজে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার থাকা অবশ্যই দরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ